Home » জ্যাক ক্রলি একাই একদিনে করলেন ১৮৯ রান, চালকের আসনে ইংল্যান্ড

জ্যাক ক্রলি একাই একদিনে করলেন ১৮৯ রান, চালকের আসনে ইংল্যান্ড

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ২১জুলাই : জ্যাক ক্রলি ছাড়া কেউই হতে পারেন না দ্বিতীয় দিনের নায়ক। মঈন আলির সঙ্গে দ্বিতীয় উইকেটের শতরানের  পার্টনারশিপের পরে,  তৃতীয় উইকেটে  দ্বিশতরানের পার্টনারশিপ তিনি গড়লেন জো রুটের সঙ্গে। ফলে ওল্ড ট্রাফোর্ড টেস্টের প্রথম দিনের নায়ক ক্রিস ওকস হ’লে দ্বিতীয় দিনের নায়ক অবশ্যই জ্যাক ক্রলি। ১৮২ বলে ১৮৯ রানের এমন এক চোখ-ধাঁধানো ইনিংস জ্যাক ক্রলি  উপহার দিলেন যার সৌজন্যে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড চালকের আসনে।ক্রলির ব্যাটিং ঝড়ে উড়ে গেলেন অজি বোলাররা।ক্রলির ইনিংস ২১ টি চার ও ৩ টি ছয় দিয়ে সাজানো।দিনের শেষে ইংল্যান্ডের সংগ্রহ চার উইকেট ৩৮৪। হাতে ৬টি উইকেট রয়েছে আর ইতিমধ্যেই ৬৭ রানে এগিয়ে গিয়েছে ইংল্যান্ড।

দ্বিতীয় দিন ৮ উইকেটে ২৯৯ রান নিয়ে খেলতে নামা অস্ট্রেলিয়াকে বেশিদূর  এগোতে দেন নি ইংল্যান্ড  পেসাররা।দিনের প্রথম বলেই আঘাত হানেন প্রবীণ ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। প্যাট কামিংস ফিরিয়ে নিজের ৬৮৯ তম উইকেটটি পেয়ে যান তিনি। অতঃপর বাকি কাজ সম্পন্ন করেন ক্রিস ওকস। হ্যাজেলউডকে ফিরিয়ে পাঁচ উইকেট নিয়ে জীবনের সেরা বোলিং পারফরম্যান্স গড়েন তিনি। অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ৩১৭ রানে।

প্রথম দুটি টেস্ট হারার পরে প্রত্যাঘাত করার হুংকার ছেড়েছিলেন  ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তাঁর সহখেলোয়াড়রা তাঁর কথার মর্যাদা রাখছেন। দ্বিতীয় দিন সবাইকে ছাপিয়ে যান জ্যাক ক্রলি। তিনি সবচেয়ে বেশি নির্দয় ছিলেন  পেট কামিংস-এর উপরে। অসি অধিনায়ক এদিন ১৬ ওভারে ৯৩ রান দিয়েছেন। মিচেল স্টার্ক দুটি উইকেট পেলেও মঈনের উইকেট কার্যত খোয়াজার। মঈন আলির ৫৪ রানের ইনিংস শেষ হয় খোয়াজার এক অসামান্য ক্যাচে যা এক কথায় অবিশ্বাস্য। মঈন ফিরলেও নির্বিকার ছিলেন  ক্রলি। রুট ও ক্রলি অত্যন্ত মারমুখী ছিলেন এদিন। তাঁরা ওভার পিছু সাত রান করে তুলে তৃতীয় জুড়িতে ২০৬ রান করেন যা একদিবসীয় ফরম্যাটেও বিরল।ডবল সেঞ্চুরি থেকে ১১ রান দূরে দাঁড়িয়ে যখন অবলীলায় অজি বোলিংকে কার্যত খুন করছিলেন জ্যাক ক্রলি, তখন গ্রীন তাঁকে ফিরিয়ে দেন। ততক্ষণে লিড নিয়ে নিয়েছে ইংল্যান্ড।কিছু পরেই ৮৪ রান করে ফেরেন জো রুট। দিনের শেষে অপরাজিত  হ্যারি ব্রুক ও বেন স্টোকস।দ্বিতীয়দিনে ইংল্যান্ড ৭২ ওভার খেলে ৩৮৪ রান তুলেছে, ওভার পিছু পাঁচের ওপরে রান টেস্টে খুব কমই হয়।ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা হলেও অ্যাসেজে পিছিয়ে থাকা ইংল্যান্ড সিরিজে ফেরার পূর্ণ ইঙ্গিত রাখছে।।

আরও পড়ুন :৪৩ রানের মধ্যে পড়ল চার উইকেট, তবুও বিরাটের সৌজন্যে ম্যাচে ফিরল ভারত

 

About Post Author