Home » তুহিনের লালকার্ড! নৈহাটি থেকে ১ পয়েন্ট নিয়ে ফিরল ইস্টবেঙ্গল

তুহিনের লালকার্ড! নৈহাটি থেকে ১ পয়েন্ট নিয়ে ফিরল ইস্টবেঙ্গল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ জুলাই: গোল করে এগিয়ে গিয়েও, গোল হজম করার রোগ থেকে এখনও মুক্তি পেল না ইস্টবেঙ্গল। চলতি কলকাতা লিগের তৃতীয় ম্যাচে বিএসএসের বিপক্ষে ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল লাল হলুদ শিবির। তবে এদিন ম্যাচের শুরুতেই ধাক্কা খায় ইস্টবেঙ্গল। প্রথমার্ধের ১৩ মিনিটে তুহিনের লালকার্ড দেখে মাঠ ছাড়েন গত ম্যাচের সেরা ফুটবলার তুহিন দাস। লাল-হলুদের গোলপোস্টের দিকে আগুয়ান বিপক্ষের ফরওয়ার্ডকে পিছন থেকে ট্রিপ করেন তুহিন। সরাসরি লালকার্ড দেখান রেফারি।

আরও পড়ুন  পোর্ট অফ স্পেনে বৃষ্টিতে ধুয়ে গেল টেস্ট, সিরিজ জিতল ভারত

রেফারির সিধান্ত নিয়ে মাঠে শুরু হয় বিতর্ক। সমর্থকদের একাংশের দাবি, লঘু পাপে গুরু দন্ড দেওয়া হয়েছে তুহিনকে। যদিও অপর একটি অংশের দাবি, ফিফার নিয়ম মেনেই লাল কার্ড দেখিয়েছেন রেফারি। তুহিনের উচিৎ ছিল আরও একটু সতর্ক থাকা। এই বিতর্কে যদিও ইস্টবেঙ্গল রিজার্ভ দলের কোচ ও সিনিয়র দলের অন্যতম সহকারী কোচ বিনো জর্জ নিজের ফুটবলারের পাশেই দাঁড়ালেন। লালকার্ডটি ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল, মানতে না চাইলেও, তিনি জানিয়ে দেন ওটি কোনভাবেই লাল কার্ড ছিল না।


যদিও কার্ড সমস্যা কাটিয়ে উঠেও ৩ পয়েন্ট নিয়েই নৈহাটি ছাড়তে পারত ইস্টবেঙ্গল। ম্যাচের ৮৯ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ইস্টবেঙ্গল মিডফিল্ডের দ্বীপ সাহা। তবে সেই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারিনি মশাল ব্রিগেড। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে ম্যাচে সমতা ফেরায় বিএসএস। বিএসএস এর হয়ে গোল করেন পরিবর্তন হিসেবে নামা সৌরভ।

আরও পড়ুন  ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের দুঃসাহসী সিদ্ধান্ত , ত্রিনিদাদ টেস্ট রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকে

এদিন যুব দলের খেলা দেখতে নৈহাটি পারি জমিয়েছিলেন ইস্টবেঙ্গল এর নতুন কোচ কার্লেস কুয়াদ্রাত। সোমবার ভোরে তিনি কলকাতায় পা রেখেছেন। হোটেলে ফিরে সামান্য বিশ্রাম করেই চলে গেলেন রিজার্ভ দলের খেলা দেখতে। দল না জিতলেও ম্যাচ শেষে নিরাশ নন ইস্টবেঙ্গলের নতুন হেডস্যার। বরং যুব দলের অনেক ফুটবলারের প্রশংসা শোনা গেল স্প্যানিশ কোচের গলায়। ফ্রিকিক থেকে নেওয়া দীপের গোলটিকে দরাজ সার্টিফিকেট দিলেন কার্লেস। এছাড়াও অনেক ফুটবলারের খেলা মনে ধরেছে তাঁর। এখন সিনিয়র দলে এই যুব দল থেকে কারা সুযোগ পান তার উত্তর মিলবে আর কিছুদিন পর।

About Post Author