Home » পোর্ট অফ স্পেনে বৃষ্টিতে ধুয়ে গেল টেস্ট, সিরিজ জিতল ভারত

পোর্ট অফ স্পেনে বৃষ্টিতে ধুয়ে গেল টেস্ট, সিরিজ জিতল ভারত

সময় কলকাতা ডেস্ক,২৫ জুলাই :ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনে কুইন্স পার্ক ওভালে ভারতের দুঃসাহসিক প্রচেষ্টা বৃষ্টিতে ধুয়ে গেল। ইংল্যান্ড অস্ট্রেলিয়া অ্যাসেজ সিরিজের মতই ভারত ওয়েস্টইন্ডিজের দ্বিতীয় টেস্টের শেষদিনে একটি বল ও খেলা হল না। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে বৃষ্টি এসে পড়ায় তীরে এসে তরী ডোবে ইংল্যান্ড দলের। পোর্ট অফ স্পেনে ভারতের জয় এতটা নিশ্চিত না হলেও ভারতীয় ক্রিকেট প্রেমী ও প্রাক্তন ক্রিকেটাররা মনে করেছিলেন সারাদিন ক্রিকেট হলে ভারতীয় বোলাররা আটটি উইকেট তুলে নিতে পারবেন। বিধ্বংসী ফর্মে থাকা সিরাজ ও রবিচন্দ্রন অশ্বিন যে শেষদিনে ঘাতক হয়ে উঠতে পারেন তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল চতুর্থ দিনেই। তবে ভারতের জয়ের ইঙ্গিত বৃষ্টির দাপটে বাস্তবে ফলপ্রসূ হয় নি। সিরিজে নির্ণায়ক হয়ে উঠল ভারতের প্রথম টেস্টে জয়। ভারত ১-০ সিরিজে জিতে নিল টেস্ট সিরিজ।

উল্লেখ্য, পোর্ট অফ স্পেনে ভারত ওয়েস্টইন্ডিজ দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ভারত দ্বিতীয় ইনিংসে মাত্র ২৪ ওভার খেলে ইনিংস সমাপ্তি ঘোষণা করে দেয়। ৩৬৫ রানের টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ দিনে ২ উইকেটে ৭৬ রান করেছিল ওয়েস্টইন্ডিজ। পঞ্চমদিনে ২৮৯ রান করতে হত ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের। খেলা না হওয়ায় যে টেস্ট রুদ্ধশ্বাস পরিণতির দিকে এগোতে পারত, সেই ক্লাইম্যাক্স তৈরি হওয়ার সম্ভাবনা অঙ্কুরে বিনষ্ট হয়। সিরিজে ১৫ উইকেট নিয়ে দুদলের মধ্যে সর্বাধিক উইকেট রবিচন্দ্রন অশ্বিনের । দু দলের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন এই সিরিজে অভিষেক ঘটানো যশস্বী জয়সওয়াল। দুটি টেস্টের তিন ইনিংসে তিনি করেন ২৬৬ রানে। পোর্ট অফ স্পেন টেস্টের ওয়েস্টইন্ডিজের প্রথম ইনিংসে ৬০ রানে ৫ উইকেট নিয়ে টেস্টে ম্যান অফ দ্যা ম্যাচ মহম্মদ সিরাজ। এবার দু দলের মধ্যে শুরু হবে সীমিত ওভারের ম্যাচ। ২৭ জুলাই দু দলের মধ্যে একদিনের ম্যাচ দিয়ে সূচনা হবে তিনটি ম্যাচের একদিবসীয় সিরিজের।।

আরও পড়ুন : মাফিয়া রাজ ও মবষ্টারদের ইতিহাস : সিসিলি থেকে বর্তমান

About Post Author