Home » চিকেন বা মটন নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ডিমের শাহী রেজালা

চিকেন বা মটন নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ডিমের শাহী রেজালা

সময় কলকাতা ডেস্ক, ৫ আগস্ট: ডিম খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই দেখা যায়। কালিয়া হোক কিংবা কষা বা পাতুরি— নানা ভাবেই মন জয় করেছে ডিম। রেজালা মানেই কি চিকেন? অথবা মাছ? সেই দস্তুর ভেঙে এবার পাতে পড়ুক ডিমের শাহী  রেজালা। ডিমের স্বাদ ভিন্ন ভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন ডিমের শাহী রেজালা। বিরিয়ানি,পোলাও কিংবা ফ্রায়েড রাইসের একেবারে জমে যাবে ডিমের শাহী রেজালা। বাড়ির বড়ো থেকে ছোট,একেবারে চেটেপুটে খাবে ডিমের শাহী রেজালা। ডিমের শাহী রেজালা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-


উপকরণ
মুরগির ডিম-৫ পিস
গোটা কাজু-১০-১২টা
লবঙ্গ-৪-৫টা
পোস্ত-২ টেবল চামচ
দই-১ কাপ
দারচিনি-২টো
ছোট এলাচ-৪-৫টা
পেঁয়াজ বাটা-১ কাপ
আদা, রসুন বাটা-২ টেবল চামচ
গোটা গোলমরিচ-৮-১০টা
তেজপাতা-১টা
শাহ মরিচ গুঁড়ো-আধ চা চামচ
ধনে গুঁড়ো-১ টেবল চামচ
কেওড়া জল-১ চা চামচ
ঘি-২ টেবল চামচ
ভেজিটেবল অয়েল-২ টেবল চামচ
নুন ও চিনি-স্বাদ মতো

আরও পড়ুন   চিতল নয়,স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন চিংড়ির মুইঠ্যা 


রন্ধন পদ্ধতি
প্রথমেই ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এবার কাজু ও পোস্ত মিহি করে পেস্ট করে নিন। একটা বড় বাটিতে ডিম,পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, দই, নুন দিয়ে ম্যারিনেট করে ১ ঘণ্টা রেখে দিন। এক ঘণ্টা পর কড়াইয়ে ঘি ও তেল গরম করে দারচিনি, লবঙ্গ, গোলমরিচ ও তেজপাতা ফোড়ন দিয়ে ম্যারিনেট করা ডিম দিয়ে চাপা দিয়ে ২০ মিনিট মাঝারি আঁচে রাখুন। ২০ মিনিট পর ঢাকনা তুলে কাজু, পোস্ত বাটা, ধনে গুঁড়ো, শাহ মরিচ গুঁড়ো ও চিনি দিয়ে ভাল করে ডিমের সঙ্গে মিশিয়ে নিয়ে আবার মাঝারি আঁচে ২০ মিনিট রাখুন। এরপর ঢাকনা খুলে আঁচ বাড়িয়ে ফোটাতে থাকুন। গ্রেভি ঘন হয়ে এলে কেওড়া জল ছড়িয়ে আঁচ বন্ধ করে চাপা দিয়ে রাখুন। ছুটির দিনে বিরিয়ানি,পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করুন ডিমের শাহী রেজালা।

About Post Author