Home » অবসর ভেঙে একদিনের দলে ফিরছেন অভিজ্ঞ দুই তারকা

অবসর ভেঙে একদিনের দলে ফিরছেন অভিজ্ঞ দুই তারকা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ আগস্ট: চলতি বছরের শেষেই বসতে চলেছে আইসিসির সব থেকে বড় টুর্নামেন্ট, একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। এবার এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বে রয়েছে ভারত। গত তিন মরশুমে আয়োজক দেশ এই খেতাব জিতেছে। তাহলে এবার কি সেই ট্রেন্ড অনুসরণ করে খেতাব জিতবে ভারত? যদিও ভারতের সাম্প্রতিক রেকর্ড কিন্তু অন্য কথা বলছে। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে হারতে হয়েছে ভারতকে। ঘরের মাটিতেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে দেখতে হয়েছে হারের মুখ। ক্যারিবিয়ান সফরে ভারতীয় দলকে যথেষ্ট বেগ দিয়েছে, একদিনের ক্রিকেট বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারা ওয়েস্টইন্ডিজ। ভারতের সাম্প্রতিক এই খারাপ ফর্ম যে বিপক্ষ দলগুলির মুখে হাসি ফুটিয়েছে বলাই বাহুল্য। তারা চাইছেন গত তিনবারের ট্রেন্ড ভেঙ্গে, ভারত থেকে একদিনের ক্রিকেট বিশ্বকাপের ট্রফিটি নিজেদের দেশে নিয়ে যেতে। সব দলগুলিই নিজেদের সেরা দল নিয়েই এবার আসবে ভারতে। তাই বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে অবসর ভেঙ্গে জাতীয় দলে প্রত্যাবর্তন করলেন দুই দেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার। অবসর ভেঙে দুই ক্রিকটারের একজন ইংল্যান্ডের বেন স্টোকস ও অপরজন বাংলাদেশের তামিম ইকবাল। বেন স্টোকস ও তামিম -দুই অভিজ্ঞ খেলোয়াড়ের ছোঁয়ায় একদিনের ক্রিকেটে ভালো ফলের প্রত্যাশী দুটি দেশের সমর্থকরা।

সম্প্রতি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেই দলে জায়গা পেয়েছেন বেন স্টোকস। ২০২২ সালের জুন মাসে নিজেকে একদিনের ক্রিকেট ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন এই ব্রিটিশ অলরাউন্ডার। যদিও টেস্ট ক্রিকেটে এখনও দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। সদ্য সমাপ্ত অ্যাশেজে তাঁর নেতৃত্বে প্রথম দুটি টেস্টে হেরেও দুরন্ত প্রত্যাবর্তন করেছে ইংল্যান্ড দল। গত টি ২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। সেই প্রতিযোগিতায় দুরন্ত খেলেছিলেন স্টোকস। এবার আসন্ন বিশ্বকাপের আগে দলকে ভরসা দিয়ে একদিনের ক্রিকেটে প্রত্যাবর্তন করলেন ৩২ বছরের স্টোকস। আগামী মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের একদিনের সিরিজ খেলবে ইংল্যান্ড। সেই দলেই প্রত্যাবর্তন করবেন এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। যদিও ক্রিকেট মহলের ধারণা, যেহেতু অ্যাশেজের শেষ তিনটি টেস্টে তাঁকে বল হাতে দেখা যায়নি, সেহেতু বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেই তাঁকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ক্রিকেটার থিঙ্ক ট্যাঙ্ক।

একদিকে যখন ইংল্যান্ড দলে স্টোকসের প্রত্যাবর্তন নিয়ে জোর চর্চা চলছে। তখন বাংলাদেশ দলে প্রত্যাবর্তন করলেন ওপেনার তামিম ইকবাল। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ চলাকালীন জাতীয় দল থেকে অবসরের কথা ঘোষণা করেন এই বাংলাদেশের ওপেনার। তবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে ফের একবার জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সিদ্ধান্ত নিলেন তামিম।

অবসর ভেঙ্গে জাতীয় দলে প্রত্যাবর্তনের নজির অনেক রয়েছে। সেগুলির মধ্যে সব থেকে উল্লেখযোগ্য পাকিস্তানের অধিনায়ক ইমরান খান। অবসর ভেঙ্গে ফিরে এসে ১৯৯২ বিশ্বকাপে দেশের হয়ে মাঠে নামেন তিনি। সেবার প্রথমবারের জন্য খেতাব জেতে পাকিস্তান। এখন তামিম বা স্টোকস কি পারবেন ইমরান খানের এই নজির স্পর্শ করতে, সেকথা সময়ই বলবে।

About Post Author