সময় কলকাতা ডেস্ক, ২৭ আগস্ট: ভিন রাজ্যে কাজে গিয়ে ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু। হতদরিদ্র পরিবারের উপার্জনকারী একমাত্র ব্যক্তির মৃত্যুতে দিশেহারা পরিবার। ভিন রাজ্য থেকে মৃতদেহ নিয়ে আসার জন্য এগিয়ে এলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। নিজের উদ্যোগে গোয়া থেকে প্রথমে বিমানে বাগডোগরা এয়ারপোর্ট, তারপর সড়কপথে ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়া অঞ্চলের বিদ্যাশ্রম এলাকার বাড়িতে দেহ পৌঁছে দেবার ব্যবস্থা করেন। জানা গিয়েছে, বছর চল্লিশের বলরাম সেন পাঁচ বছর আগে গোয়া গিয়েছিলেন কাজের সন্ধানে। গত বছর ছুটিতে শেষবার এসেছিলেন ধুপগুড়ির বাড়িতে। কিন্তু হতদরিদ্র বলরাম সেনের দেহ কিছুতেই ফিরিয়ে নিয়ে আসর ব্যবস্থা করে উঠতে পারছিলেন না পরিবারের সদস্যরা। এই খবর জানা মাত্রই এগিয়ে আসেন এলাকার সাংসদ জয়ন্ত কুমার রায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বলরাম সেনের বাড়িতে দুই মেয়ে রয়েছে। একজনের বয়স দুই বছর, আরেকজন মাত্র ৮ মাস। এদিকে এই ঘটনায় বিজেপি সাংসদ এগিয়ে আসায় শববাহী গাড়ি দিতে অস্বীকার করেছে ধুপগুড়ি পুরসভা। প্রায় দুই কিলোমিটার রাস্তা কাঁধে করে নিয়ে যেতে হবে শেষের জন্য। সাম্প্রতিক সময়ে বারবার পরিযায়ী শ্রমিকের মৃত্যু মিছিল দেখেছে রাজ্য। আরও কত মায়ের কোল খালি হলে হুশ ফিরবে সরকারের ? তা নিয়েই উঠছে প্রশ্ন।

প্রসঙ্গত,গত ২৩ অগস্ট রেল ব্রিজে কাজ চলাকালীন শ্রমিকদের মাথায় ভেঙে পড়ে নির্মীয়মান রেল ব্রিজ। মর্মান্তিক এই দুর্ঘটনায় মালদার ২৩ জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। আহত হয়েছেন একাধিক শ্রমিক। আহতদের মধ্যে অনেকের অবস্থা এখনও আশঙ্কাজনক। জানা গিয়েছে, ওইদিন সকালে মিজোরামের আইজলের কাছে সাইরাং-এ রেল ব্রিজ তৈরির সময় আচমকাই ভেঙে পড়ে ব্রিজটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রায় ৩০ জন শ্রমিকের। গুরুতর আহত বহু শ্রমিক। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা টুইটে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে লিখেছেন, ‘মিজোরামের ঘটনা খুব কষ্টদায়ক। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। উদ্ধার কাজ চলছে।’ মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন মিজোরামে নির্মীয়মান রেল ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতে মালদায় রাজ্যপাল

শুক্রবার শোকস্তব্ধ পরিবারগুলির সঙ্গে দেখা করতে মালদা যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন সকালে হাওড়া স্টেশন থেকে স্পেশাল ট্রেনে করেই মালদা যান রাজ্যপাল। জানা গিয়েছে, মৃতদের মধ্যে ১১ জনের বাড়ি রতুয়া দু’নম্বর ব্লকের চৌদুয়ার গ্রামে। এছাড়াও ইংরেজবাজার কালিয়াচক এবং গাজলেরও কয়েকজন রয়েছে। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে গোটা পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। মর্মান্তিক এই দুর্ঘটনার পরেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মৃতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ, গুরুতর আহতদের পরিবারকে দু’লাখ এবং অল্পবিস্তর জখমদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন৷


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
ইন্দাসের ঘটনায় ককরোচের প্রশাসনকে ডেডলাইন