Home » চাঁদের বুকে ১০০ মিটার পার রোভার প্রজ্ঞানের, এবার বিশ্রামের পালা

চাঁদের বুকে ১০০ মিটার পার রোভার প্রজ্ঞানের, এবার বিশ্রামের পালা

সময় কলকাতা ডেস্ক, ৩ সেপ্টেম্বর: মাত্র ১০ দিন হল চাঁদের বুকে নেমেছে চন্দ্রযান-৩ এর রোভার প্রজ্ঞান। এরই মধ্যে চাঁদের বুকে ১০০ মিটার ঘুরে ফেলেছে সে। এবার বিশ্রামের জন্য নিদ্রায় গেল ছোট্ট প্রজ্ঞান। ইসরোর এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, চাঁদের মাটিতে এখনও পর্যন্ত ১০০ মিটার পথ অতিক্রম করে ফেলেছে ‘প্রজ্ঞান’। শিবশক্তি পয়েন্ট থেকে ১০০ মিটার পথ অতিক্রম করেছে এখনও পর্যন্ত। হিসেব মত এবার রাত হচ্ছে চাঁদের বুকে। তাই প্রজ্ঞানকে এবার ‘স্লিপ মোড’-এ পাঠিয়ে দিল ইসরো। এপিএক্সএস এবং এলআইবিএস পেলোড দুটিকেও বন্ধ করে দেওয়া হয়েছে। তারা এতদিনে যে সমস্ত তথ্য সংগ্রহ করেছে তা ল্যান্ডার বিক্রম মারফত পৃথিবীতে আনিয়ে নেওয়া হচ্ছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, প্রজ্ঞানের ব্যাটারি এখন পুরোপুরি চার্জড অবস্থায় রয়েছে।

আগামী ২২ সেপ্টেম্বর ফের সূর্যোদয় হবে চন্দ্রপৃষ্ঠে। ইতিমধ্যেই সোলার প্যানেলকেও যথাযথ দিকে মুখ করে সেট করা হয়েছে। সক্রিয় করে রাখা হয়েছে রিসিভারকেও। ইসরোর তরফে জানানো হয়েছে, চাঁদের মাটিতে অক্সিজেন,সালফার, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম,লোহা, সিলিকন, ক্রোমিয়াম শনাক্ত করেছে প্রজ্ঞান। বর্তমানে চাঁদে হাইড্রোজেনের খোঁজ করছে রোভার প্রজ্ঞান। এর আগে চাঁদে পৌঁছেই কিছু ছবি ক্যামেরাবন্দি করে পাঠিয়েছিল বিক্রম। সেখানে দেখা গেছিল, ছোট-বড় গহ্বরে ভরা চাঁদের পিঠ। ইসরো আগেই জানিয়েছিল, অবতরণ যদি মসৃণ হয়, কোনওরকম যান্ত্রিক ত্রুটি না ঘটে, তাহলে প্রোগ্রামিং অনুযায়ী চাঁদের মাটির কাছাকাছি এলেই কাজ করা শুরু করবে ল্যান্ডার বিক্রমের রেডার ও সেন্সর।

আরও পড়ুন   চাঁদের পর এবার সূর্যে ভারতের সফল পাড়ি

একইসঙ্গে অ্যাকটিভ হবে তার হাই-রেজোলিউশন ক্যামেরা। চাঁদে নামার সঙ্গে সঙ্গে যতগুলো সম্ভব ছবি তুলবে বিক্রম। ল্যান্ডার হরাইজোনটাল ভেলোসিটি ক্যামেরা-এর সাহায্যে চাঁদের কক্ষপথ থেকেই একের পর এক ছবি তুলেছিল, পাঠিয়েছিল ইসরোকে। এরপরই প্রকাশ্যে আসে একটি ভিডিও ক্লিপ। চারটি কঠিন ধাপ পেরিয়ে চাঁদের মাটিতে অবতরণ করেছে চন্দ্রযান। রাফ ব্রেকিং পর্ব— ল্যান্ডারের হরাইজন্টাল ভেলোসিটি কমে হল ১৬০০ মি/সে। সফট ল্যান্ডিংয়ের জন্য তৈরি হল ল্যান্ডার। ইতিমধ্যেই অলটিটিউড হোল্ডিং পর্ব— চাঁদের মাটি থেকে ৭.৪ কিলোমিটার উচ্চতায় গতি কমিয়েছে বিক্রম। চাঁদের আঁধার দক্ষিণ পিঠে শুধু জলের অস্তিত্ব খুঁজতে নয়, তেজস্ক্রিয় মৌলের খোঁজও চালাচ্ছে ল্যান্ডার ও রোভার। চাঁদের ধুলোয় মিশে থাকা খনিজের খোঁজ করবে। চাঁদের কোথায় বরফ জমে আছে তাও খুঁজে বের করবে বলেই জানা গিয়েছে।

About Post Author