স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ সেপ্টেম্বর: আন্তর্জাতিক ফুটবলে ফের ঘর ওয়াপসি। ১৮ বছর পর নিজের পুরনো ক্লাবে ফিরলেন স্প্যানিশ তারকা ফুটবলার সের্জিও র্যামোস। স্পেনের ক্লাব সেভিয়ায় যোগ দিলেন ৩৭ বছরের এই ফুটবলার। সোমবার ট্যুইট করে ক্লাবের পক্ষ থেকে র্যামোসের ঘর ওয়াপসি খবরে সরকারি সিলমোহর দেওয়া হয়।
???? @SergioRamos vuelve a casa. ⚪️????#WeareSevilla pic.twitter.com/eeJ0l40fFM
— Sevilla Fútbol Club (@SevillaFC) September 4, 2023
সালটা ১৯৯৬। মাত্র ১০ বছর বয়সে স্থানীয় ক্লাব সেভিয়ার অ্যাকাডেমিতে যোগ দিয়েছিলেন র্যামোস। সেখান থেকেই শুরু হয়েছিল পেশাদার ফুটবলার হওয়ার হাতেখড়ি। ২০০৪ সালে ১৮ বছর বয়সে সেভিয়ার হয়ে অভিষেক হয় তাঁর। ডিপোর্টিভো লা করুণার বিরুদ্ধে ম্যাচের ৬৪ মিনিটে পরিবর্ত হিসেবে তাঁকে নামান কোচ। পরের মরশুমে সেভিয়ার হয়ে নিজের জাত চেনালেন তিনি। ওই মরশুমে রিয়েল মাদ্রিদের বিরুদ্ধে গোল করে নজরে পড়লেন রিয়েল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের।

২০০৫ সালে ২৭ মিলিয়ন ইউরো খরচ করে এই ডিফেন্ডারকে দলে নিলেন পেরেজ। আর পিছনে ফিরে তাকাতে হয়নি। রিয়েলের জার্সিতে খেলেছেন ১৬ টি বছর। মোট ৪৬৯ টি ম্যাচে ডিফেন্ডার হয়েও করেছেন ৭২ টি গোল। জিতেছেন ক্লাব ফুটবলের সব খেতাব। ৫ বার জিতেছেন লা লিগা, ৪ বার জিতেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ৩ বার জিতেছেন উয়েফা সুপার কাপ, ৪ বার জিতেছেন ফিফা ক্লাব ফুটবল। ক্লাবের পাশাপাশি জাতীয় দলের হয়ে ২০০৮ ও ২০১২ সালে জিতেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। ২০১০ সালে স্পেনের হয়ে বিশ্বকাপের স্বপ্ন পূরণ করেছেন র্যামোস।
আরও পড়ুন শেষের দিকে ব্যাটিং ব্যর্থতা নাকি পরিসংখ্যানবিদের অভাব! কিসের জন্য তীরে এসে তরী ডুবল পাঠানদের?

২০২১ সালে রিয়েল ছাড়েন তিনি। যোগ দেন পিএসজিতে। যেখানে একদা প্রতিদ্বন্দ্বী মেসিকে পেয়েছিলেন সতীর্থ হিসেবে। পিএসজির হয়ে জিতেছেন লিগা ওয়ান বা ফরাসি লিগ। তবে এই মরশুমে তাঁকে ছেড়ে দেয় ফ্রান্সের ক্লাবটি। তখন থেকে জল্পনা শুরু হয় নতুন কোন ঠিকানায় যাবেন এই কিংবদন্তি ফুটবলার। জল্পনা শুরু হয় একদা রিয়েলের সতীর্থ রোনাল্ডোর পথ অনুসরণ করে সৌদি লিগে নাম লেখাবেন তিনি। আবার শোনা গিয়েছিল প্রাক্তন প্রতিদ্বন্দ্বী ও সতীর্থ মেসির সঙ্গে মার্কিন লিগে যোগ দেবেন তিনি। তবে, জল্পনা উড়িয়ে ফের ১৮ বছর পর শৈশবের ক্লাব সেভিয়ায় ফিরে গেলেন স্প্যানিশ ফুটবলের অন্যতম সফল এই চরিত্র। জীবনের বৃত্তটি বোধ হয় এভাবেই সম্পন্ন হয়।


More Stories
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের