Home » লোকসভা ভোটের ‘ট্রেলার’? প্রথম যুদ্ধে ইন্ডিয়া জোট এনডিএকে হারাল ৪-৩ ফলে

লোকসভা ভোটের ‘ট্রেলার’? প্রথম যুদ্ধে ইন্ডিয়া জোট এনডিএকে হারাল ৪-৩ ফলে

সময় কলকাতা ডেস্ক,৮ সেপ্টেম্বর : এনডিএ -ইন্ডিয়া জোটের প্রথম যুদ্ধ শেষ। ভারত জুড়ে সাতটি বিধানসভা আসনের ভোটের দিকে রাজনৈতিক মহলের চোখ ছিল।৪-৩ আসনে জয় ইন্ডিয়ার। ইন্ডিয়া জোট ভোটের ফলে বেশ কিছুটা উল্লসিত।তাঁরা এবারের ভোটের ফলকে ট্রেলার হিসেবেই দেখছেন। পিকচার দেখা যাবে ২০২৪ সালের লোকসভা ভোটে, বলছেন ইন্ডিয়া জোটের নেতা- নেত্রীরা।

ছয়টি রাজ্যের সাতটি বিধানসভা আসনের ভোট গণনা শেষ। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির বিরোধীরা উত্তরপ্রদেশের ঘোসি, ঝাড়খণ্ডের ডুমরি, পশ্চিমবঙ্গের ধুপগুড়ি এবং কেরালার পুথুপল্লীতে জয়লাভ করেছে। বিজেপি বামেদের কাছ থেকে ত্রিপুরার বক্সানগর কেড়ে নিয়েছে।ত্রিপুরার ধবপুর কেন্দ্রে বিজেপি জয়ী হয়েছে। উত্তরাখন্ডের বাগেশ্বরে কংগ্রেস প্রার্থীকে খুব সামান্য ব্যবধানে হারিয়ে দেন বিজেপি প্রার্থী।

রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন ,  এই উপনির্বাচনগুলিকে ক্ষমতাসীন বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-এর বিরুদ্ধে বিরোধী জোট ইন্ডিয়া জোটের মধ্যে লড়াই-এর গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসাবে দেখা যেতে পারে , যার প্রভাব আসন্ন রাজ্য নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পড়ার সম্ভাবনা বলেই রাজনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন।এই উপ-নির্বাচন নির্দিষ্ট নির্বাচনী এলাকায় ইন্ডিয়া জোটের যুক্তফ্রন্টের সাক্ষী। বিশেষ করে উত্তর প্রদেশের ঘোসি এবং ঝাড়খণ্ডের ডুমরিতে প্রত্যক্ষভাবে ইন্ডিয়া জোটের মধ্যে সমন্বয় লক্ষ্য করা গিয়েছে ৷ পশ্চিমবঙ্গের ধুপগুড়িতেও নির্বাচনী প্রচারে বাম- কংগ্রেস- তৃণমূলকে পরস্পরের প্রতি মৌখিক আক্রমণ করতে দেখা যায় নি যা অত্যন্ত ইঙ্গিতবাহী ।

যে সাতটি আসনে যুদ্ধ হয়েছে ও তার ফল প্রকাশ হয়েছে, সেই সাতটি আসনের মধ্যে তিনটি আগে বিজেপির দখলে ছিল এবং একটি করে সমাজবাদী পার্টি, সিপিআই(এম), জেএমএম এবং কংগ্রেসের দখলে ছিল।কংগ্রেস,জেএমএম, সমাজবাদী পার্টি জিতলেও সিপিআইএমকে হারতে হয়েছে। কিন্তু বাম শিবিরে ধাক্কা লাগলেও এনডিএকে ধাক্কা দিয়ে ইন্ডিয়া জোটকে এগিয়ে দিয়েছে তৃণমূল। ফলাফল আগের মত বিরোধীদের পক্ষে ৪-৩ হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য পশ্চিমবঙ্গই এবারের সাত বিধানসভার  আসনে ইন্ডিয়াকে এগিয়ে রাখতে অক্সিজেন দিয়েছে। ত্রিপুরা হাতছাড়া হলেও পশ্চিমবঙ্গে বিজেপির আসন ছিনিয়ে ইন্ডিয়াকে এগিয়ে রেখেছে তৃণমূল।

ইন্ডিয়া জোটের পক্ষে বলা হয়েছিল, জাতপাতের রাজনীতি করলেও বিরোধীরা এককাট্টা হলে বিজেপি আরও অগ্রসর হতে তো পারবেই না, বরং ব্যর্থ হবে।এবারের উপনির্বাচনকে সেই লক্ষ্যে অ্যাসিড টেস্ট মনে করা হচ্ছে। বিরোধী নেতা নেত্রীরা তাই ২০২৪ লোকসভার লক্ষ্যে এবারের ভোটের ফলকে ট্রেলার বলছেন। বিরোধীদের আরও একজোট হতে সাহায্য করবে এবারের বিধানসভা  উপনির্বাচনের ফল, রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা তেমনটাই ।।

 

About Post Author