Home » ‘ফুটবলারদের তালিকা পাঠালাম, সব তথ্য রয়েছে’! সুনীলদের তালিকা কাকে পাঠাতেন গুরু স্টিমাচ?

‘ফুটবলারদের তালিকা পাঠালাম, সব তথ্য রয়েছে’! সুনীলদের তালিকা কাকে পাঠাতেন গুরু স্টিমাচ?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১২ সেপ্টেম্বর: ভারতীয় ফুটবলে এই মুহূর্তে সব থেকে আলোচিত প্রশ্ন,’জাতীয় ফুটবল দল নির্বাচন কে করেন?’ কোন ফুটবলার সুস্থ ও কতটা কার্যকরীভাবে দলের সঙ্গে মানিয়ে নিতে পারছেন এটা দেখার দায়িত্ব কোচের। ক্রিকেট, ফুটবল বা যে কোনও ক্রীড়াক্ষেত্রে এই এক নিয়ম প্রযোজ্য। তবে, সম্প্রতি এক বহুল প্রচারিত সংবাদ মাধ্যমের দাবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ওই সংবাদপত্রের দাবি, শেষ কয়েক মাস ধরে নাকি ভারতীয় ফুটবল দল নির্বাচন করছেন এক জ্যোতিষী। ম্যাচের আগে ফুটবলারদের ঠিকুজি-কুষ্ঠি পৌঁছে যায় সেই জ্যোতিষীর কাছে। ফুটবলারদের তালিকা পৌঁছে দেন স্বয়ং জাতীয় দলের কোচ ইগর স্টিমাচ। কোন দিন কোন ফুটবলারের রাশিফল কি আছে বলে দেন সেই জ্যোতিষী। সেই মত প্রথম একাদশ সাজান ভারতের ক্রোট কোচ।

ইংরেজি দৈনিকের প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে জ্যোতিষীর নাম ভূপেশ শর্মা। তিনি দিল্লির বাসিন্দা। ভারতীয় দলের ভাগ্য গণনার জন্য নাকি কয়েক লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন ভূপেশ। সেই জ্যোতিষীর সঙ্গে ভারতীয় কোচের আলাপ করিয়ে দেন সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা। ইংরেজি দৈনিকের দাবি, এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বের আগে ভারতীয় কোচের সঙ্গে কথা হয় জ্যোতিষীর।

আরও পড়ুন    লুক্সেমবার্গকে গোলের মালা পরাল পর্তুগাল

আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ ছিল ১১ জুন। যোগ্যতা অর্জনের জন্য ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ ছিল। অনেক ফুটবলারের চোট থাকায় বেশ চাপে ছিলেন ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। ম্যাচের দুদিন আগে ভারতীয় কোচ ভূপেশকে লিখেছিলেন, “আগামী ১১ জুন ম্যাচ রয়েছে। রাত সাড়ে ৮টা থেকে শুরু হবে ম্যাচ। ফুটবলারদের তালিকা পাঠালাম। এখানে সব তথ্য রয়েছে।” এখানে তথ্য মানে ম্যাচে ভারতের প্রথম একাদশের কথা বলা হয়েছে।

স্টিমাচের বার্তা দেখে পাল্টা ভুপেশ নিজের মতামত জানিয়ে দেন। তালিকার অনেকের নামের পাশে লেখেন ভাল, অনেকের নামের পিছনে লেখেন অতিরিক্ত আত্মবিশ্বাসী না হলে ভাল খেলবে। কারুর নামের পাশে লেখা খুব আগ্রাসী খেলবে। এমনকি যাঁদের দিন ভালো যাবেনা লেখা ছিল তাঁদের ওইদিন প্রথম একাদশে রাখেননি কোচ স্টিমাচ। তবে শুধু আফগানিস্তান ম্যাচ নয়। একাধিকবার ম্যাচে নামার আগে এই জ্যোতিষীর দ্বারস্থ হয়েছেন ভারতীয় কোচ। তাঁদের মধ্যে শতাধিকবার বার্তা আদান প্রদান হয়েছে বলে দাবি করা হয়েছে ইংরেজি দৈনিকে। এমনকি ম্যাচ চলাকালীন ফুটবলার বদল হবে কিনা সেটাও জ্যোতিষীর পরামর্শে ঠিক হত বলে দাবি করা হয়েছে।

About Post Author