Home » গরু পাচারকাণ্ডে অনুব্রতের জামিন মামলায় সিবিআইকে নোটিস সুপ্রিম কোর্টের

গরু পাচারকাণ্ডে অনুব্রতের জামিন মামলায় সিবিআইকে নোটিস সুপ্রিম কোর্টের

সময় কলকাতা ডেস্ক, ১৮ সেপ্টেম্বরঃ গরু পাচার মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। আরও চাপ বাড়ল বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলের। এবার গরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের প্রেক্ষিতে সিবিআইকে নোটিস ধরাল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর এজলাসে এই মামলার শুনানি ছিল। গরু পাচার মামলার তদন্ত কোন পর্যায়ে আছে, তা জানতেই এদিন সিবিআইকে নোটিস জারি করল শীর্ষ আদালত।

এ প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের আইনজীবী মুকুল রোহতগি বলেন, ‘ গরু পাচার মামলায় এখনও পর্যন্ত পাঁচটি চার্জশিট ফাইল হয়েছে। এই মামলায় জড়িত অনেকেই জামিন পেয়ে গিয়েছেন। এমনকী এই মামলায় প্রধান ‘কিংপিন’ জামিন পেয়ে গিয়েছেন। শুধুমাত্র অনুব্রত মণ্ডলই ১৪ মাস ধরে জেলে আছেন। তাই অনুব্রতকেও জামিন দেওয়া হোক।’ গত শুক্রবারই গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলের জামিন মামলার শুনানি পিছিয়ে যায়। কিছুদিন আগেই সিবিআইয়ের গ্রেফতারির দাবিতে জামিনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। শুক্রবার সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বেলা এম ত্রিবেদির এজলাসে এই মামলার শুনানি ছিল। কিন্তু, এদিন আদালতের থেকে সময় চেয়ে নেন অনুব্রত মণ্ডলের আইনজীবীরাই। এই মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার হবে বলেই জানা গিয়েছে। সুপ্রিম কোর্টে কি স্বস্তি পেতে পারেন অনুব্রত মণ্ডল? ইতিমধ্যেই তা নিয়ে উঠছে প্রশ্ন।

আরও পড়ুন    লালন শেখের মৃত্যু মামলার তদন্তে হাইকোর্টে রিপোর্ট জমা দিল সিট

প্রসঙ্গত, গত সপ্তাহেই আসানসোলের সিবিআই আদালত থেকে গরু পাচার মামলা স্থানান্তরিত করা হয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে। কিছুদিন আগেই এই মামলা আসানসোলের সিবিআই আদালত থেকে সরানোর আবেদন জানিয়েছিল ইডি। সেই আবেদনই সায় দেন আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। ইডির তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, আর্থিক দুর্নীতি মামলার ৪৪/১সি ধারা অনুযায়ী ইডি এই মামলা যে কোনও আদালতে স্থানান্তরের জন্য আবেদন করতেই পারে। যদিও এই আবেদনের তীব্র বিরোধিতা করেন অনুব্রত মণ্ডলের আইনজীবী সোমনাথ চট্টরাজ। তিনি বলেন, সিবিআইয়ের মামলার শুনানি যতদিন না শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত এই আবেদন স্থগিত রাখা উচিত। এরপরই আসানসোলের সিবিআই আদালতের বিচারক স্পষ্ট জানিয়ে দেন,দিল্লিতেই এই মামলার শুনানি হবে।

About Post Author