Home » অদৃশ্য মানুষের টাইম মেশিনে, কল্পবিজ্ঞানের সওদাগর এইচ জি ওয়েলস

অদৃশ্য মানুষের টাইম মেশিনে, কল্পবিজ্ঞানের সওদাগর এইচ জি ওয়েলস

সময় কলকাতা ডেস্ক, ২১ সেপ্টেম্বর :”We all have our time machines, don’t we. Those that take us back are memories…And those that carry us forward, are dreams. ” শব্দগুলিকে বাংলায় তর্জমা করলে অর্থ হয়, ” আমাদের প্রত্যেকের কাছেই টাইম মেশিন আছে। স্মৃতিগুলো আমাদের অতীতে নিয়ে যায়, আর স্বপ্নগুলো ভবিষ্যত দেখায়। ” হারবার্ট জর্জ ওয়েলসের টাইম মেশিনে চেপে মানুষের যাতায়াত শুরু হয়েছিল একশো বছরেরও বেশি সময় আগে। তাঁর লেখা কল্পবিজ্ঞান বা কল্পনাশ্রয়ী বিজ্ঞান ( সায়েন্স ফিকশন অথবা ফ্যান্টাসি) ,তাঁর উপন্যাস আর ছোট গল্পের মধ্যে দিয়ে আশ্চর্য এক মায়াবী জগত গড়ে তুলেছে পাঠকের জন্য।

হারবার্ট জর্জ ওয়েলস বললে লোকে তাঁকে যত না চিনবে, তাঁর অধিক পরিচিতি এইচ জি ওয়েলস নামে।১৫৭ বছর আগে, এক দীনদরিদ্র পরিবারে জন্মেছিলেন। মা পরিচারিকা আর বাবা জুতো তৈরি করতেন। বেশ কষ্টেই দিন কাটত তাঁদের। বিদ্যার্জনের পালাও জীবনের সঙ্গে সংঘর্ষ করে কেটেছে। স্কলারশিপ না পেলে বিশ্ববিদ্যালয়ের গন্ডি ছুঁতে পারতেন না এইচ জি ওয়েলস। হয়তো তাঁর বিজ্ঞান কল্পনারা উড়ান দিত না, টাইম মেশিনে হয়তো উঠতেন না সারের রিচমন্ড, হয়তো হত না পাঠকদের সফর।

আরও পড়ুন তুষারকান্তি ঘোষ : অমৃত-খ্যাতি ও যুগাবসান

তাঁর বহু স্মরণীয় লেখার মধ্যে নিশ্চিতভাবেই একটি উপন্যাস কালজয়ী হয়ে থাকবে যার নাম “দ্যা ইনভিজিবল ম্যান”। এই উপন্যাস পাঠক মনে আলোড়ন ফেলেছে বারবার। যদিও এই গ্রন্থের ছায়ায় একাধিক চলচ্চিত্র প্রস্তুত হয়েছে বিভিন্ন ভাষায়, এমনকি মিস্টার ইন্ডিয়া- র মত হিন্দি চলচ্চিত্রের  কাহিনীর প্রেক্ষাপট ১৮৯৭ সালে গড়ে দিয়েছিলেন ওয়েলস।  তবুও বিজ্ঞানের অপব্যবহার ও তার পরিণতি এরকম করুণ কিন্তু আকর্ষণীয় ভাবে উপস্থাপন করা সম্ভব কারও পক্ষে সম্ভব হয় নি, যা তাঁর লেখনী ফুটিয়ে তুলেছিল।

এছাড়াও দ্যা আইল্যান্ড অফ ডক্টর মোরো, দ্যা ফার্স্ট ম্যান ইন দ্যা মুন, দ্যা ওয়ার অফ দ্যা ওয়ার্ল্ডস প্রভৃতি উপন্যাসে তিনি কল্পবিজ্ঞানের যে ধারাটি তুলে ধরেন তা তাঁকে সাধারণভাবে হুগো গার্নসব্যাক ও জুল ভের্ণের সঙ্গে যৌথভাবে তাঁদের কল্পবিজ্ঞানের জনকের আসনে বসিয়েছে যদিও অনেকের মত আর্থার সি ক্লার্ক বা আইজ্যাক আসিমভরা মূলত কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশন লিখেছেন, ওয়েলস বা জুল ভের্ণের লেখা মূলত সায়েন্স ফ্যান্টাসি- ধর্মী। সায়েন্স ফ্যান্টাসি বা ফিকসন যাই হোক, বিজ্ঞানধর্মী সাহিত্য রচনায় একটি দিগন্ত খুলে দিয়েছেন।১৮৬৬ সালের ২১ সেপ্টেম্বর ইংল্যান্ডে জন্ম হওয়া মানুষটি আজও প্রবলভাবে জনপ্রিয়।তাঁর টাইম মেশিনে আজও পাঠকের সফর অব্যাহত।।

About Post Author