Home » আশা-আশঙ্কা দুই জিইয়ে রেখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় ভারতের

আশা-আশঙ্কা দুই জিইয়ে রেখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় ভারতের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ সেপ্টেম্বর: দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করল ভারত। মোহালিতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারালেন রাহুলরা। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৭৬ রানে শেষ হয়ে যায় অজিদের ইনিংস। জবাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ উইকেট হারিয়ে ৮ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ভারত।

কয়েকদিন আগে একদিনের ক্রিকেটে এশিয়া সেরার তকমা উঠেছে। পরবর্তী লক্ষ্য আগামী মাস থেকে শুরু হওয়া ঘরের মাটিতে বিশ্বকাপ। বিশ্বকাপের আগে দলকে দেখে নিতে অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে ভারতীয় ক্রিকেট দল। শুক্রবার মোহালিতে ছিল সিরিজের প্রথম ম্যাচ। প্রথম দলের রোহিত, বিরাট, হার্দিক ও সিরাজকে বাদ দিয়ে মাঠে নামে মেন ইন ব্লুরা। এই ম্যাচে দলকে নেতৃত্ব দেন লোকেশ রাহুল। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন তিনি। 

আরও পড়ুন: ত্রিশূল ফ্লাডলাইট, বেলপাতা গেট, ডমরু ভিআইপি বক্স, শনিতে নয়া ক্রিকেট স্টেডিয়ামের মেগা শিলান্যাস

প্রথম ওভারে মিচেল মার্শকে ফিরিয়ে প্রাথমিক ধাক্কাটি দিয়েছিলেন মহাম্মদ শামি। সেই ধাক্কা সামলিয়ে ঘুরে দাঁড়ায় অজি ব্রিগেড। সৌজন্যে দুই অভিজ্ঞ ক্রিকেটার স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। দুজনের জুটিতে ১২৮ রানে যুক্ত হয় স্কোরবোর্ডে।  ৫২ রানের ইনিংস খেলে জাদেজার বলে আউট হন ডেভিড ওয়ার্নার। স্মিথকে ৪১ রানে ফেরান শামি। অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের কোনও ব্যাটার এই ম্যাচে বড় রান পাননি। তবে লাবুশানের ৩৯, গ্রিনের ৩১, ইংলিশের ৪৫, শেষের দিকে স্টয়নিসের ২৯ ও অধিনায়ক প্যাট কামিন্সের ২১রানের সৌজন্যে অস্ট্রেলিয়া একটি ভদ্রস্থ জায়গায় ইনিংস শেষ করে। ৫০ ওভারে ২৭৬ রান তোলে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে শামি ৫ টি, বুমরা, অশ্বিন ও জাদেজা একটি করে উইকেট নেন। বহুদিন পর একদিনের ম্যাচে প্রত্যাবর্তনটা খারাপ হল না অশ্বিনের। তবে, ম্যাচে একাধিক সহজ ক্যাচ ফেলে থিঙ্ক ট্যাঙ্কের চিন্তা বাড়ালেন ভারতের ফিল্ডাররা।

২৭৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করেন দুই ওপেনার শুভমন গিল ও রুতুরাজ গায়কোয়াড। ২১.৪ ওভারে ৭১ রান করে যখন ফিরলেন রুতুরাজ স্কোরবোর্ডে তখন জ্বলজ্বল করছে ২১ ওভারে ১৪২ রান। তিন নম্বরে নেমে দ্রুত  রান আউট হয়ে ফেরেন শ্রেয়স আইয়ার। ৭৪ রান করে দলকে নির্ভরতা দিলেন গিল। ৬ টি চার ও ২ টি ছয় মারলেন এই তরুণ ওপেনার। গিল ফিরতে দলের হাল ধরেন অধিনায়ক রাহুল। মিডল অর্ডারে নেমে বড় রান পাননি ঈশান কিষান। তবে ভারতীয় শিবিরকে স্বস্তি দেবে সূর্যের ইনিংস। টি ২০-র একনম্বর ব্যাটার একদিনের ফরম্যাটে রানের সন্ধানে ছিলেন। এদিন ৪৯ বলে ৫০ রান করেন সূর্য। তিনি যখন আউট হলেন তখন জয়ের অনেকটা কাছে পৌঁছে গিয়েছে দল। অধিয়ানক রাহুল ও জাদেজা মিলে দলকে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে দেন। রাহুল ৫৮ রানে ও জাদেজা ৩ রানে অপরাজিত থাকেন। 

বিশ্বকাপের আগে ভারতীয় ওপেনারদের রানে থাকা, সূর্যের ফর্ম, শামির ৫ উইকেট, অশ্বিনের ফর্ম যদি ইতিবাচক দিক হয়। তাহলে, উইকেটের পিছনে রাহুলের ক্যাচ মিস, ফিল্ডারদের ধারাবাহিক খারাপ পারফরম্যান্স ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের চিন্তা আরও বাড়াবে বলে মত ক্রিকেট মহলের।

About Post Author