Home » প্রিমিয়ার লিগে হার ম্যাঞ্চেস্টার দুই দলের, জয় আর্সেনালের

প্রিমিয়ার লিগে হার ম্যাঞ্চেস্টার দুই দলের, জয় আর্সেনালের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ অক্টোবর: প্রিমিয়ার লিগের সপ্তম খেলার সপ্তাহটি সুখকর হল না প্রথম সারির ক্লাবগুলির জন্য। উলভসের বিরুদ্ধে হারল লিগ শীর্ষে থাকা ম্যাঞ্চেস্টার সিটি। লিগের অন্য একটি খেলায় ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে হেরেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। শনিবার এই দুটি ক্লাবের সমর্থকদের নিরাশ হতে হয়েছে। তবে লিগে জয় পেয়েছে লন্ডনের ক্লাব আর্সেনাল।

প্রিমিয়ার লিগে অবশেষে হারের স্বাদ পেল ম্যাঞ্চেস্টার সিটি। গত ৬ টি ম্যাচের ৬ টি জয় পেয়েছিল পেপ গুয়ার্দিওলার ছেলেরা। উলভসকে ম্যাচের আগে খুব একটা পাত্তা দেননি সিটির স্প্যানিশ কোচ। উলভসের ঘরের মাঠে মাত্র ১৩ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে আকাশী জার্সিধারীরা। গোলটির ক্ষেত্রে কৃতিত্ব প্রাপ্য উলভসের উইঙ্গার নেটোর। ডান প্রান্ত থেকে ফুটবলারদের পরাস্ত করে সিটির বক্সের কাছে পৌঁছে যান পর্তুগিজ ফুটবলার। সেখান থেকে মাটি ঘেঁষা ক্রস পাঠান ফরওয়ার্ডদের উদ্দ্যেশ্যে। বল ক্লিয়ার করতে গিয়ে নিজের জালে বল জড়িয়ে দেন ডিফেন্ডার রুবেন ডিয়াজ। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে দুর্দান্ত ফ্রিকিক থেকে সমতা ফেরায় সিটি। গোলটি করেন জুলিয়ান আলভারেজ। সমতায় ফিরিয়ে আক্রমণের ধার বাড়ায় সিটি। তবে ম্যাচের গতির কিছুটা বিপরীতে গিয়ে ফের গোল হজম করে সিটিজেনরা। উলভসের হয়ে দ্বিতীয় গোলটি করেন কোরিয়ান ফরওয়ার্ড হোয়াং হি-চান। অনেক চেষ্টা করেও সেই গোল আর শোধ করতে পারেনি পেপ বাহিনী।

আরও পড়ুন: ইংলিশ প্রিমিয়ার লিগে কোন ফুটবলারদের আয় সবচেয়ে বেশি?

অপরদিকে প্রিমিয়ার লিগে হেরেই চলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। শনিবার ঘরের মাঠে রেড ডেভিলরা হারল ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে। চলতি মরশুমে প্রিমিয়ার লিগে চতুর্থ ম্যাচে হারের মুখ দেখল এরিক টেন হ্যাগের ছেলেরা। ম্যাচের দখল নিজেদের কাছে রাখলেও প্রথমার্ধে গোল হজম করে ইউনাইটেড। ২৫ মিনিটে এজের ক্রস থেকে গোল করেন জোওয়াখিম অ্যান্ডারসন। জোড়ালো ভলিতে জালে বল জড়িয়ে দেন তিনি। বাঁচানোর সুযোগ পাননি ইউনাইটেড গোলরক্ষক।

ম্যাঞ্চেস্টারের দুই দল হারলেও জয় পেয়েছে আর্সেনাল। বড় ব্যবধানে বর্নমাউথকে হারিয়েছে গানার্সরা। ১৭ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন বুকায়ো সাকা। প্রথমার্ধের নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে ব্যবধান বাড়ান মার্টিন ওডেগার্ড। পেনাল্টি থেকে গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ফের পেনাল্টি পায় আর্সেনাল। এবার গোল করেন কাই হ্যাভার্টস। এটি এই মরশুমে জার্মান ফরওয়ার্ডের প্রথম গোল। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে আর্সেনালের হয়ে ব্যবধান ৪-০ করেন বেন হোয়াইট।

লিগের আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাইটনকে হারিয়েছে অ্যাস্টন ভিলা। ম্যাচের ফল ভিলার পক্ষে ৬-১। লায়ন্সদের হয়ে এই ম্যাচে হ্যাটট্রিক করেন ওলি ওয়াটকিনস। বাকি গোলগুলি করেছেন র‍্যামসে ও ডেভিড লুইজ। একটি গোল হয় আত্মঘাতী। ব্রাইটনের হয়ে একটি গোল শোধ করেন আন্সু ফাতি।

About Post Author