Home » এশিয়ার সিংহদের কাছে লজ্জার হার ইউরোপের সিংহদের

এশিয়ার সিংহদের কাছে লজ্জার হার ইউরোপের সিংহদের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ অক্টোবর: কে বলবে এই দলটা গতবারের বিশ্বচ্যাম্পিয়ন? শুধু একদিনের ক্রিকেটে নয়, টি-২০ ক্রিকেটেও। দলে একঝাঁক বড় বড় তারকা। তবু খেলার মাঠে ফলাফল সেই দাপট নেই। চলতি বিশ্বকাপে হারতে হারতে খাদের কিনারায় গিয়ে দাঁড়িয়েছেন জস বাটলাররা। বৃহস্পতিবার চিন্নাস্বামীতেও শ্রীলঙ্কার বিরুদ্ধে লজ্জার হারের মুখ দেখতে হল তাঁদের। প্রথমে ব্যাট করে পুরো ৫০ ওভার ব্যাটই করতে পারল না রুট, মালান, বাটলাররা। ৩৩.২ ওভারে ১৫৬ রানেই শেষ হয়ে গেল ইংল্যান্ডের ইনিংস। জবাবে ২ উইকেট হারিয়ে ২৫.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল শ্রীলঙ্কা।

চিন্নাস্বামীতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। শুরুটা দেখে মনে হয়েছিল প্রত্যাবর্তন ম্যাচ খেলতে নেমেছেন সাহেবরা। ৬ ওভারে ৪৫ রান তুলে ফেলেন দুই ইংরেজ ওপেনার জনি বেয়ারস্ট্রো ও দাউয়িদ মালান। তারপরেই ম্যাচে ফেরে শ্রীলঙ্কা। সৌজন্যে বিশ্বকাপে হটাৎ সুযোগ পাওয়া অ্যাঞ্জেলো ম্যাথু। মালনকে ফেরান ৩৭ বছরের লঙ্কার ক্রিকেটার। পরের উইকেটটির ক্ষেত্রেও তাঁর অবদান রয়েছে। জো রুটকে রান আউট করেন ম্যাথু। এদিন বেন স্টোকস ছাড়া সম্পূর্ণ ব্যর্থ ইংল্যান্ড মিডল অর্ডার। স্টোকস করলেন ৭৩ বলে ৪৩ রান। তবে যোগ্য সঙ্গী পেলেন না বড় রান করার জন্য। বাটলার, লিয়াম লিভিংস্টোন, মইন আলিরা এদিন ডাহা ব্যর্থ।

আরও পড়ুন   বিশ্বকাপে ভারতের অস্বস্তি বাড়াচ্ছে হার্দিকের চোট, কবে দলে ফিরবেন ভারতের তারকা অলরাউন্ডার

তবে এই ম্যাচে স্পিন নয় পেস অস্ত্রে গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের ঘায়েল করল লঙ্কা বাহিনী। শ্রীলঙ্কার এদিনের সফলতম বোলার লাহিরু কুমারা। তিনি ৩ টি উইকেট নেন। ম্যাথু ও রাজিথা ২ টি করে উইকেট পেলেন। ১ টি উইকেট নিলেন তীক্ষণা। সব মিলিয়ে ৩৩.২ ওভারে ১৫৬ রানে শেষ ইংল্যান্ডের ইনিংসে।জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় দ্বীপরাষ্ট্র। দ্বিতীয় ওভারে ফেরেন কুশল পেরেরা। ষষ্ট ওভারে প্যাভিলিয়নে ফেরেন কুশল মেন্ডিসও। তবে দলকে এরপর নেতৃত্ব দেন পাথুম নিশঙ্ক ও সমরাবিক্রমা। তৃতীয় উইকেটে ১৩৭ রানের জুটি গড়েন দুজনে। কোনও রকম ঝুঁকি না নিয়ে ইনিংসকে এগিয়ে নিয়ে যান দুজনে। ৮৩ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন নিশঙ্ক। ৭ টি চার ও ২ টি ছয় মারেন তিনি। সমরাবিক্রমা করেন ৫৪ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন। ৭ টি চার ও ১ টি ছয় আসে তাঁর ব্যাট থেকে। ১৪৬ বল হাতে থাকতে ম্যাচ জিতে নেয় এশিয়ান সিংহরা। ইংল্যান্ডের হয়ে ২ টি উইকেট নেন ডেভিড উইলি।

About Post Author