সময় কলকাতা ডেস্ক, ৩০ অক্টোবরঃ ওড়িশার বালেশ্বরে রেল দুর্ঘটনার স্মৃতি যেন ফের উসকে দিল রবিবারের অন্ধ্রপ্রদেশের বিজিয়ানগরমে ট্রেন দুর্ঘটনা। মর্মান্তিক এই ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এদিকে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০-এ। এখনও পর্যন্ত ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। সোমবার বিকেলের মধ্যে উদ্ধারকাজ শেষ করার নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দুর্ঘটনার জেরে আপাতত ওই রুটে ব্যাহত রেল চলাচল। এখনও পর্যন্ত ১৮টি ট্রেন বাতিল করা হয়েছে, ২২টি ট্রেনের রুট বদল করা হয়েছে। যে ট্রেনগুলির রুট পরিবর্তন করা হয়েছে, সেগুলি হল- হাওড়া-সেকেন্দ্রাবাদগামী ট্রেন, হায়দরাবাদ-শালিমারগামী ট্রেন, শালিমার-চেন্নাই সেন্ট্রালগামী ট্রেন, চেন্নাই সেন্ট্রাল-সাঁতরাগাছিগামী ট্রেন, আগরতলা-তিরুপতিগামী ট্রেন। যে ট্রেনগুলির সময় পিছিয়ে দেওয়া হয়েছে, সেগুলি হল, হাওড়া-বেঙ্গালুরু এক্সপ্রেস, হাওড়া পুদুচেরি এক্সপ্রেস, হাওড়া -মাদ্রাজ এক্সপ্রেস, শালিমার -তিবান্দ্রম এক্সপ্রেস। সেইসঙ্গে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের পরিবারের কথা ভেবে ইস্ট-কোস্ট রেলওয়ের তরফে একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন রেলমন্ত্রী। দক্ষিণ-পশ্চিম রেলের তরফে জানানো হয়েছে, পালাসা প্যাসেঞ্জার ট্রেনটি ওই লাইনে থাকায় পিছন থেকে আসা বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনটিকে লাল সিগন্যাল দেওয়া হয়েছিল। কিন্তু চালক সেই সিগন্যাল না লক্ষ্য করায় ঘটে যায় বিপত্তি। ট্রেনটি গিয়ে সোজা পালাসা প্যাসেঞ্জার ট্রেনের পিছনে ধাক্কা মারে। ইতিমধ্যেই মর্মান্তিক এই ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি। টুইটে প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহত ও নিহদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণের কথাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দফতরের তরফে একটি টুইট করে ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০০০০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

প্যাসেঞ্জার ট্রেনের বেলাইন হওয়ার ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি। ইতিমধ্যেই হতাহতদের চিকিৎসার বন্দোবস্ত করার ব্যাপারে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে এই রেল দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী টুইটে লিখেছেন, ‘কবে ঘুম ভাঙবে রেলের?’ প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরামে বিশাখাপত্তনম-পলাশা প্যাসেঞ্জার ট্রেন ও বিশাখাপত্তনম রায়গড় প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। লাইনচ্যুত হয়ে যায় বিশাখাপত্তনম-রায়াগাদা প্যাসেঞ্জার ট্রেনের ৩টি বগি। জানা গিয়েছে, বিশাখাপত্তনম থেকে রায়গড় যাচ্ছিল একটি প্যাসেঞ্জার ট্রেন। ওভারহেড তারে কোনও সমস্যার জন্য সেটি দাঁড়িয়ে যায়। সেইসময়েই দ্রুতগতিতে আসা পালাসা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা ট্রেনে ধাক্কা মারে। তাতেই বেলাইন হয় ৩টি বগি।


More Stories
অসমে ট্রেন দুর্ঘটনা, ক্ষয়ক্ষতির খতিয়ান
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের