সময় কলকাতা ডেস্ক, ৩০ অক্টোবরঃ দিল্লি আবগারি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার। সোমবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। আগামী ছয় থেকে আট মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে ফেলার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে এদিন সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় যে, আপ নেতার বিউদ্ধে আনা সমস্ত অভিযোগ প্রমাণ করা হয়েছে। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় কিছুদিন আগেই জামিনের আবেদন করেছিলেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী। এরপরই গত ১৭ অক্টোবর জামিন মামলার শুনানি শেষ হলেও বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চ রায়দান স্থগিত রেখেছিল।

সোমবার সেই আবেদনই খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। এর আগে গত ৩০ মে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট। এরপর, গত ৩ জুলাই ফের জামিনের আবেদন করে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন মণীশ সিসোদিয়া। সেই সময়ও তাঁর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়। আবগারি দুর্নীতি সিসোদিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষণে জানিয়েছিল হাইকোর্ট। উল্লেখ্য,গত বছরই দিল্লির আবগারি নীতি নিয়ে বিতর্কের দানা বেঁধেছিল। এরপরই দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার নির্দেশেই দিল্লির আবগারি নীতি নিয়ে তদন্ত শুরু করে ইডি ও সিবিআই।
আরও পড়ুন আর্থিক লেনদেনে সতর্ক, ব্যবসায় সমস্যার মুখোমুখি! জানুন রাশিফল
কারণ, আবগারী বা মদ বিক্রি নীতিতে মূল অভিযোগই ছিল বেআইনিভাবে পথে অর্থ উপার্জন। তিন মাস আগেই সিবিআই এই মামলার চার্জশিটও পেশ করে। সিবিআইয়ের ওই চার্জ শিটে মণীশ সিসোদিয়া সহ ১৫ জনের নাম ছিল। ১১ পাতার ওই চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি, অপরাধমূলক ষড়যন্ত্র এবং ভুয়ো অ্যাকাউন্টের নথি পাওয়া গেছে বলে দাবি সিবিআইয়ের। মনীশের বিরুদ্ধে সিবিআই যে ধারাগুলিতে মামলা দায়ের করেছিল, তারমধ্যে দুটি ধারা ইডির প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট-এর অধীনে তদন্তের অধীনে পড়ে। সেগুলি হল, ভারতীয় দণ্ডবিধির ১২০-বি এবং ৪৭৭। এছাড়া দুর্নীতি প্রতিরোধ আইনের ৭ নম্বর ধারার মামলা দায়ের হয়েছিল।


More Stories
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
বিস্ফোরক সাংসদ সুখেন্দু শেখরের ইস্তফা ও পদত্যাগ