Home » অপ্রতিরোধ্য পরাগ, সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে বিদায় বাংলার

অপ্রতিরোধ্য পরাগ, সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে বিদায় বাংলার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ নভেম্বর: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে স্বপ্নভঙ্গ বাংলার। প্রিকোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিল বাংলা। অসমের বিরুদ্ধে ৮ উইকেটে হারতে হল সুদীপ কুমার ঘরামির দলকে। প্রথমে ব্যাট করে নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান তোলে বাংলা। জবাবে ১৭.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় অসম। অসমের এই জয়ে অনবদ্য ভূমিকা নিলেন তাঁদের অধিনায়ক রিয়ান পরাগ। অপ্রতিরোধ্য রিয়ান পরাগ। লাগাতার সাতটি টি-টোয়েন্টি ম্যাচে অর্ধশতরান করলেন অসমের অধিনায়ক। বিশ্ব ক্রিকেটে এই নজির আর কোনও ক্রিকেটারের নেই। একনজরে দেখে নেওয়া যাক সেই সাতটি ইনিংস।

১. বিহারের বিরুদ্ধে ৬১ রান
২. সার্ভিসেসের বিরুদ্ধে অপরাজিত ৭৬ রান
৩. সিকিমের বিরুদ্ধে অপরাজিত ৫৩ রান
৪. চণ্ডীগড়ের বিরুদ্ধে ৭৬ রান
৫. হিমাচলের বিরুদ্ধে ৭২ রান
৬. কেরালার বিরুদ্ধে অপরাজিত ৫৭
এবং সর্বশেষে
৭. মঙ্গলবার মোহালিতে বাংলার বিরুদ্ধে অপরাজিত ৫০ রান

আরও পড়ুন    দুটি দর্শনীয় গোল, কঠিন প্রতিপক্ষকে ৪-১ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল

পরপর ছয়টি টি-২০ ম্যাচে অর্ধশররান করে তিনি স্পর্শ করেছিলেন বীরেন্দ্র সেহওয়াগের রেকর্ড। শুধু সেহওয়াগ নন পরপর ছয়টি টি ২০ ম্যাচে অর্ধশতরান করার নজির রয়েছে আরও কয়েকজন ক্রিকেটারের। তাঁরা হলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার-সহ একাধিক ক্রিকেটারের। তবে টানা সাতটি ম্যাচে অর্ধশতরান করা প্রথম ও একমাত্র ক্রিকেটার হলেন রিয়ান পরাগ। কার্যত তাঁর দাপুটে ইনিংসে চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফি জয়ের আশা শেষ হল বাংলার।

আরও পড়ুন   বিশ্বকাপের মধ্যে ইস্তফা ইনজামামের

মঙ্গলবার টসে জিতে প্রথমে ব্যাট করে বাংলা। যদিও মোহালির পিচে প্রথমে ব্যাট করার ফায়দা তুলতে ব্যর্থ বাংলা। এদিন ফের ব্যাটিং ব্যর্থতা ডোবালো বাংলা দলকে। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান তোলে তারা। বাংলা দলের হয়ে উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি কোনও ব্যাটার। সুদীপদের দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন করণ লাল। এছাড়া অভিষেক পোরেলের ব্যাট থেকে আসে ২৩ রান। অভিমুণ্যু ঈশ্বরণ ও কৌশিক মাইতির লড়াকু ২১ রানের সৌজন্যে লড়াই করার মত জায়গায় পৌঁছয় বাংলা। অসমের সফলতম বোলার আকাশ সেনগুপ্ত। ২৯ রানে ৩ উইকেট নিলেন তিনি। ২৩ রানে ২ উইকেট নেন অধিনায়ক পরাগ।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে আত্মবিশ্বাসী দেখিয়েছে অসমের দুই ওপেনারকে। অসমের ওপেনিং জুটি ভাঙেন মুকেশ কুমার। ১০ রানের মাথায় আউট করেন ডেনিস দাসকে। অপর ওপেনার ঋষভ দাস করেন ৩১ রান। তাঁকে ফেরান শাহবাজ আহমেদ। এরপর আর বাংলার কোনও বোলার উইকেট নিতে পারেননি। তৃতীয় উইকেটে ৯৫ রান করেন বিশাল রয় ও রিয়ান পরাগ জুটি। তাঁদের অবিচ্ছিন্ন জুটির সৌজন্যে ১৩ বল বাকি থাকতে জয়ের রান তুলে নেয় অসম। ৩৬ বলে ৪৫ রান করে অপরাজিত থাকলেন বিশাল। অধিনায়ক পরাগ খেললেন অপরাজিত ৩১ বলে ৫০ রানের ইনিংস। ২টি চার এবং ৪টি ছয় মারলেন অসম অধিনায়ক। এই হারের ফলে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল বাংলা।

About Post Author