সময় কলকাতা ডেস্ক, ৫ নভেম্বর: নিয়োগ দুর্নীতির তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। রেশন দুর্নীতির তদন্তে গতি বাড়াতে শনিবার রাজ্যের মোট সাত জায়গায় হানা দিয়েছিল ইডির অফিসাররা। এই সাত জায়গার মধ্যে হাওড়ার উলুবেড়িয়ার চালকলে ইডির আধিকারিকরা হানা দিয়েছিল। কিন্তু ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও উলুবেড়িয়ার ওই চালকলের গেট বন্ধ করে এখনও পর্যন্ত তল্লাশি চালিয়ে যাচ্ছেন ইডি আধিকারিকরা। রেশন দুর্নীতিকাণ্ডে এই চালকল থেকে বড় কোনও তথ্য বেরিয়ে আসতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা।
আরও পড়ুন ফলক বিতর্কের মাঝেই বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে এফআইআর দায়ের থানায়
উল্লেখ্য, শনিবার সাত সকালে বনগাঁয় রাধাকৃষ্ণ আটাকল ও ওই মিলের মালিকের বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। এই মিলের মালিকের সঙ্গে খাদ্য দফতরের কী সূত্র রয়েছে, তা খুঁজে বের করতেই হানা দিয়েছিল বলেই জানা গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, এই রাধাকৃষ্ণ আটাকলের মালিকের নাম মন্টু দাস। রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে এই রাধাকৃষ্ণ আটাকলের মালিকের খুব ঘনিষ্ঠতা ছিল বলেই তদন্তে নেমে জানতে পেরেছে ইডি। জানা গিয়েছে, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের পরেই এই আটাকলের সম্পর্কে জানতে পারেন ইডির তদন্তকারী অফিসাররা। সেই সূত্র ধরেই এদিন সকালে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের নিয়ে বনগাঁর আটাকলে হানা দেয় ইডি।
আরও পড়ুন রেশন দুর্নীতি মামলায় ফের জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্তসহায়ককে তলব ইডির
প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই বাকিবুরের বিপুল সম্পত্তির পরিমাণ দেখে চক্ষু চড়ক গাছ ইডির। জানা গিয়েছে বাকিবুরের জমির পরিমাণ দেড় হাজার কাঠারও বেশি। এছাড়াও সাড়ে সাত হাজার বর্গফুট আয়তনের ১০টি ফ্ল্যাটও রয়েছে তার। এমনকী বিদেশেও রয়েছে বিলাসবহুল ফ্ল্যাট। রকেটের গতিতে যেন বাকিবুরের উত্থান। এসবের মাঝেই এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এল ইডির হাতে। জানা গিয়েছে,রেশন দুর্নীতির বিপুল পরিমাণ কালো টাকা সাদা করতে অভিনব পদ্ধতির আশ্রয় নিয়েছিল বাকিবুর। রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুর রহমান নিজেই তৈরি করেছিল ভুয়ো কৃষক সংগঠন। এই ভুয়ো কৃষক সংগঠন তৈরি কোর্টে তাঁকে মদত জুগিয়েছিল বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইডি সূত্রে খবর, রেশন বন্টন দুর্নীতির অন্যকতম অভিযুক্ত বাকিবুর রহমানের তত্ত্বাবধানে এই ভুয়ো কৃষক সংগঠন ‘ফার্মারস ফোরাম’-নামে পরিচিত। ইতিমধ্যেই এই সংগঠনের অন্তর্ভুক্ত ক্রেতা ও বিক্রেতাদের নামের একটি তালিকা তৈরি করেছে ইডি।


More Stories
বিজেপি-বিদ্রোহী তৃণমূলকে একযোগে নিশানা, তবুও বিরোধীদের প্রশংসা পাচ্ছেন কুণাল ঘোষ
তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে অপসারিত মমতা, সাসপেন্ড অভিষেক
পশ্চিমবঙ্গ নতুন সরকারের নতুন পূর্ণাঙ্গ বাজেট, কী পেল রাজ্যবাসী?