Home » ICC World Cup 2023: বিরাটের শতরান জাদ্দুর ৫ উইকেট একপেশে ম্যাচে ইডেনে প্রোটিয়া বধ ভারতের

ICC World Cup 2023: বিরাটের শতরান জাদ্দুর ৫ উইকেট একপেশে ম্যাচে ইডেনে প্রোটিয়া বধ ভারতের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ নভেম্বর: ক্রিকেটের নন্দন কাননে প্রোটিয়া বধ ভারতের। দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানে হারিয়ে দিলেন রোহিতরা। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ৩২৬ রান তোলে ভারত। নিজের ৩৬ তম জন্মদিনে শতরান করেন বিরাট কোহলি। এই শতরানের ফলে এদিন তিনি স্পর্শ করলেন ভারতের আর এক কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে। একদিনের ক্রিকেটে দুজনেরই শতরান ৪৯ টি। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৭.১ ওভারে ৮৩ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস। ৫ উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা। প্রোটিয়া বধ করে শীর্ষে থেকেই শেষ চারে পৌঁছে গেল ভারত।

চলতি বিশ্বকাপ টেবিলের এক ও দুই নম্বর দলের লড়াই। প্রত্যাশা ছিল হাড্ডাহাড্ডি ম্যাচ হওয়ার। ক্রিকেট মহল এই ম্যাচটিকে এবারের বিশ্বকাপের ফাইনাল বলেও মনে করছিলেন। তবে ভারতের সামনে কার্যত খড়কুটোর মত উড়ে গেল দক্ষিণ আফ্রিকা। রবিবার প্রায় ৬৭ হাজার ক্রিকেটপ্রেমী ইডেনমুখী হয়েছিলেন। কারণ প্রথমত প্রায় দুই দশক পর একদিনের বিশ্বকাপে ইডেনে খেলবে ভারত। আর দুই ৩৬ তম জন্মদিনে বিরাটের ব্যাটিংয়ের স্বাদ নেওয়া। ম্যাচ শেষে কাউকে নিরাশ হতে হল না। রবিবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করা দক্ষিণ আফ্রিকা ভয়ঙ্কর। এই বিশ্বকাপে বারবার প্রমাণ করেছেন টেম্বা বাভূমারা। তবে রান তাড়া করার ক্ষেত্রে তাঁদের দুর্বলতা ফের একবার প্রমাণ হল।

আরও পড়ুন: জন্মদিনে কল্লোলিনীকে বিরাট উপহার কোহলির

প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩২৬ রান করে ভারত। ইনিংসের শুরুটা ঝড়ের গতিতে করেছিলেন রোহিত শর্মা ও শুভমন গিল। তাঁদের মারমুখী ব্যাটিংয়ের সামনে দিশেহারা মনে হচ্ছিল লুঙ্গি এনগিদি, মার্কো জেনসেনদের। মাত্র ৩৫ বল খেলে ৬২ রানের জুটি গড়েন ভারতের দুই ওপেনার। দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের জন্য খেলায় অক্সিজেন দেন কাগিসো রাবাডা। তাঁর বলে বড় শট মারতে গিয়ে আউট হন রোহিত। ভারত অধিনায়কের ব্যাট থেকে এল ২৪ বলে ৪০ রান। ৬ টি চার ও ২ টি ছয় মারলেন তিনি। অপর ওপেনার গিল ফিরলেন ২৩ রান করে। তাঁকে আউট করেন কেশব মহারাজ। এরপর বার্থ ডে বয় বিরাটের সঙ্গে জুটি গড়েন শ্রেয়স আইয়ার। তবে এই সময় ভারতের রানের গতি কিছুটা কমে যায়। ১৩৪ রানে জুটি খেলেন বিরাট ও শ্রেয়স। ব্যক্তিগত ৭৭ রানে বড় শট খেলতে গিয়ে আউট হন শ্রেয়স। ৭ টি চার ও ২ টি ছয় আসে তাঁর ব্যাট থেকে। তবে এই ম্যাচে রান পাননি রাহুল। ১৭ বল খেলে রাহুলের অবদান মাত্র ৮ রান। সূর্য কুমার যাদব করলেন ১৪ বলে ২২ রান করেন। শেষের দিকে নেমে জাদেজা ১৫ বলে ২৯ রানের লড়াকু ইনিংস খেলেন। আর অন্যপ্রান্তে দাড়িয়ে দলকে এগিয়ে নিয়ে যান বিরাট। ১০১ রানে অপরাজিত থাকেন কিং কোহলি। তবে এদিন ১০১ রান করতে খরচ করলেন ১২১ টি বল। শেষের দিকে ইডেনের ২২ গজে দক্ষিণ আফ্রিকার বোলাররা দাপট দেখালেন।

রান তাড়া করতে নেমে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দক্ষিণ আফ্রিকার ইনিংস। প্রোটিয়াদের ইনিংস ভাঙার কাজটি শুরু করেছিলেন মহম্মদ সিরাজ। ৫ রানে ফেরান কুইন্টন ডি’কককে। এরপর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা। শামি, জাদেজা, কুলদীপ এই ত্রয়ীর সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে প্রোটিয়াদের ইনিংস। মিডল অর্ডার সম্পূর্ণ ব্যর্থ। ২৭.১ ওভারে ৮৩ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। তাঁদের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন জেনসেন। ভারতের হয়ে ৫ টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। মহম্মদ শামি নেন ২ টি উইকেট। ২ টি উইকেট যায় কুলদীপ যাদবের ঝুলিতে। জন্মদিনে শতরান করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। এই জয়ের ফলে বিশ্বকাপের তালিকার শীর্ষে থেকে সেমিফাইনালে খেলবে ভারত। সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে তালিকার চার নম্বরে শেষ করা দলের বিরুদ্ধে।

About Post Author