Home » ছত্তিশগড় ও মিজোরামে শুরু ভোটগ্রহণ, নির্বাচনের শুরুতেই বিস্ফোরণে কেঁপে উঠল ছত্তিশগড়

ছত্তিশগড় ও মিজোরামে শুরু ভোটগ্রহণ, নির্বাচনের শুরুতেই বিস্ফোরণে কেঁপে উঠল ছত্তিশগড়

সময় কলকাতা ডেস্ক, ৭ নভেম্বর: মঙ্গলবার ছত্তিশগড় ও মিজোরামে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। এদিন সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। এই দুই রাজ্যের ভোট দিয়েই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন শুরু হল। ছত্তিশগড় ও মিজোরামে ভোট শুরুর প্রথম দু-ঘণ্টার মধ্যে অর্থাৎ বেলা ৯টা পর্যন্ত রেকর্ড ভোট পড়েছে। ছত্তিশগড়ে ৯.৯৩ শতাংশ এবং মিজোরামে ১৭.১৮ শতাংশ ভোট পড়েছে। ছত্তিশগড়ে দু-দফায় ভোট হচ্ছে। প্রথম দফায় মঙ্গলবার মোট ২০টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এই কেন্দ্রগুলির মধ্যে মাও-অধ্যুষিত বাস্তার জেলাতেও ভোট রয়েছে।

আরও পড়ুন    পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান 

এদিন মিজোরাম ও ছত্তীসগঢ়ে রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছত্তিশগড় ও মিজোরামের প্রাপ্তবয়স্ক সকল নাগরিককে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোটের ফল প্রকাশিত হবে, আগামী ৩ ডিসেম্বর। এদিকে, ভোটগ্রহণ পর্বের শুরুতেই আইইডি বিস্ফোরণে কেঁপে ওঠে ছত্তিশগড়। সুকমা জেলায় সেনা ক্যাম্প থেকে এলমাগুন্ডা গ্রামে বুথে যাওয়ার পথেই আইইডি বিস্ফোরণ ঘটে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন কর্মরত এক সিআরপিএফ জওয়ান। মাওবাদীরা মাটির নীচে আইইডি পুঁতে রেখেছিল বলে সেনার তরফে জানানো হয়েছে। অন্যদিকে, এবার প্রথমবার রূপান্তরকামীদের জন্য বড় পদক্ষেপ করেছে কানকের জেলা প্রশাসন।

আরও পড়ুন   বিশ্বকাপে শোরগোল ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম টাইমড আউট হলেন অ্যাঞ্জেলা ম্যাথুস

পাখানজুরে একটি ভোটকেন্দ্রের গেট রামধনু মডেলে করা হয়েছে। যাতে রূপান্তরকামীরাও বিনা সংশয়ে ভোট দিতে আসতে পারে এবং অন্যান্যরাও তাদের নিয়ে বিব্রত বোধ না করে। ছত্তিশগড়ে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ ১৭ নভেম্বর। আর মিজোরামে এদিন এক দফাতেই ভোটগ্রহণ সম্পন্ন হবে। এদিন মিজোরামে ৪০টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। মোট ভোটারের সংখ্যা ৮ লক্ষের বেশি। রাজ্যের শাসকদল, মিজো ন্যাশনাল ফ্রন্ট, প্রধান বিরোধদল জোরাম পিপলস মুভমেন্ট এবং কংগ্রেসের প্রার্থীসংখ্যা সবেচেয়ে বেশি, ৪০ জন। অন্যদিকে, বিজেপি ও আপের প্রার্থী সংখ্যা যথাক্রমে ২৩ ও ৪। বলা যায়, ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এই বিধানসভা নির্বাচনগুলি একসঙ্গে কেন্দ্রের শাসকদল বিজেপি ও বিরোধী শিবিরের কাছে ‘ফ্লোর টেস্ট’। স্বাভাবিকভাবেই এই ভোট ঘিরে উত্তেজনা তুঙ্গে।

About Post Author