Home » মিলল না জামিন, ফের ৭ দিনের ইডি হেফাজত জ্যোতিপ্রিয় মল্লিকের

মিলল না জামিন, ফের ৭ দিনের ইডি হেফাজত জ্যোতিপ্রিয় মল্লিকের

সময় কলকাতা ডেস্ক, ৭ নভেম্বর: মিলল না জামিন। রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আপাতত ইডি হেফাজতেই থাকতে হবে। সোমবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে আদালত ৭ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়। সূত্রের খবর, আগামী ১৩ নভেম্বর ফের কোর্টে পেশ করা হবে মন্ত্রীকে। সোমবারই ছিল ইডি হেফাজতের শেষদিন। এদিন আলিপুর কম্যান্ড হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার পর আদালতে পেশ করা হয় মন্ত্রীকে। সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময় জ্যোতিপ্রিয় বলেন, ‘ ভালো নেই আমি। যা করেছে এরা অন্যায়, অনৈতিক কাজ করেছে। কোর্ট আমাকে নিশ্চয়ই মুক্তি দেবে। আমি নির্দোষ।’ কিন্তু দিন শেষে দেখা গেল, এদিন আদালতে জামিনই চাননি মন্ত্রী। সওয়াল শেষে জ্যোতিপ্রিয় মল্লিককে আরও ৭ দিন ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত।

আরও পড়ুন    বঙ্গে উত্তুরে হাওয়ার আমেজ, একধাক্কায় অনেকটাই কমল তাপমাত্রা

প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে আসছে ইডির। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসের বাড়ি থেকে পাওয়া মেরুন ডায়েরি থেকে একের পর এক তথ্য উঠে আসছে। এছাড়া তিনটি নোটবুকও তদন্তকারী সংস্থার অফিসারদের হাতে এসেছে বলে সূত্রের খবর। কার্যত সেকারণেই রেশন দুর্নীতি মামলায় সোমবার ফের ইডির অফিসে তলব করা হয়েছিল বনমন্ত্রীর প্রাক্তন আপ্তসহায়ককে। মেরুন ডায়েরির লেনদেন সংক্রান্ত যাবতীয় নথি ইডির অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। যে মেরুন ডায়েরিটি উদ্ধার হয়েছে তাতে লেখা আছে ‘বালুদা’র নাম। সেখানে তারিখ ধরে ধরে কোন দিন কার থেকে কত টাকা এসেছে, সেই টাকা কোথায় জমা রাখা হয়েছে, সেই সংক্রান্ত হিসেব লেখা রয়েছে।

আরও পড়ুন   Asian Champions Trophy Hockey: চক দে ইন্ডিয়া, হকিতে দেশের মুখ উজ্জ্বল করল সোনার মেয়েরা

এছাড়া আর্থিক হিসেব সংক্রান্ত তিনটি নোটবুকও পাওয়া গিয়েছে বলে সূত্রের দাবি। যদিও মন্ত্রীর প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ দাস নোটবুকের বিষয়ে কিছুই জানেন না বলেই এর আগে সংবাদমাধ্যমে দাবি করেছেন। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলার তদন্তে ইতিমধ্যেই বেশ কিছু নথি তদন্তকারী অফিসারদের হাতে এসেছে বলে সূত্রের দাবি। সেই তালিকায় অভিজিৎ দাসের বাড়িতে তল্লাশি চালানোর সময় উদ্ধার হওয়া মেরুন ডায়েরিও ছিল। সেখানে প্রচুর লেনদেনের হিসেব লেখা রয়েছে। কোন তারিখে, কার থেকে কত টাকা এসেছে, কোথায় সেই টাকা জমা হয়েছে, সেই সব তথ্য উদ্ধার হওয়া ওই ডায়েরিতে তুলে রাখা আছে বলে ইডি সূত্রের দাবি। ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের সদস্যদের নামে থাকা দুটি কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। দু’টি কোম্পানি বাঁকুড়ার ঠিকানায় রেজিস্টার্ড বলেই জানা গিয়েছে।

About Post Author