Home » ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কারের পক্ষেই মত এথিক্স কমিটির

ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কারের পক্ষেই মত এথিক্স কমিটির

সময় কলকাতা ডেস্ক, ১০ নভেম্বরঃ ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন মামলায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারের পক্ষেই মত দিলেন এথিক্স কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্য। মহুয়ার পক্ষে থাকলেন মাত্র চার জন সাংসদ। মহুয়া মৈত্রকে বহিষ্কারের জন্য সুপারিশ করে বুধবার খসড়া রিপোর্ট কমিটির সদস্যদের কাছে পাঠিয়েছিলেন এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার। বৃহস্পতিবার এথিক্স কমিটির বৈঠক ডেকে ওই খসড়া রিপোর্ট নিয়ে সদস্যদের মতামত চাওয়া হয়। সূত্রের খবর, রিপোর্ট অনুমোদনের পক্ষে তথা মহুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দিয়েছেন ৬ জন সদস্য। বাকি চার জন সাংসদ খসড়া রিপোর্টের বিরুদ্ধে মত জানিয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন বসপা সাংসদ দানিশ আলি।

আরও পড়ুন   মানসিক চাপ বাড়বে, আর্থিক সঙ্কটের মুখোমুখি! জানুন রাশিফল

উল্লেখ্য, লোকসভায় বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। বিজেপি ও এনডিএ-র শরিক নিয়ে সরকারের সংখ্যাগরিষ্ঠতা বিপুল। স্বাভাবিক ভাবেই প্রতিটি সংসদীয় কমিটিতে সরকারের প্রতিনিধিরাই সংখ্যায় বেশি। ফলে খসড়া রিপোর্ট যে অনায়াসে কমিটিতে পাশ হয়ে যাবে তা নিয়ে সংশয়ের অবকাশ ছিল না। জানা গিয়েছে, মহুয়ার বিরুদ্ধে এই চূড়ান্ত রিপোর্ট শুক্রবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে পেশ করা হবে। সংসদের শীতকালীন অধিবেশন শুরু হলে সেই রিপোর্ট লোকসভাতেও পেশ করা হবে। তার পর গরিষ্ঠসংখ্যক সাংসদের মত নিয়ে মহুয়াকে শেষমেশ বহিষ্কারই করা হতে পারে লোকসভা থেকে।প্রসঙ্গত,বৃহস্পতিবারই এথিক্স কমিটির বৈঠক ডাকা হয়েছিল। তার আগে কমিটির কয়েক জন সদস্যকে খসড়া সুপারিশ পাঠানো হয়েছে। সূত্রের খবর, ৫০০ পৃষ্ঠার সেই খসড়া রিপোর্টে মহুয়ার লোকসভার সাংসদ পদ শুধু খারিজের সুপারিশ করা হয়নি, ফৌজদারি তদন্তেরও পরামর্শ দেওয়া হয়েছে। মহুয়ার বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ জানিয়েছিলেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে।

তাঁর অভিযোগ ছিল, ব্যবসায়ী বন্ধু দর্শন হীরানন্দানির থেকে টাকা ও দামি উপহার নিয়ে লোকসভায় আদানি গোষ্ঠীর ব্যাপারে প্রশ্ন করেছেন মহুয়া। আদানি শিল্পগোষ্ঠীর প্রতিদ্বন্দ্বী হল হীরানন্দানির সংস্থার। নিশিকান্তের এও অভিযোগ ছিল, মহুয়া লোকসভার ওয়েবসাইটের লগ ইন পাসওয়ার্ড শেয়ার করেছিলেন হীরানন্দানিকে। লোকসভার এথিক্স কমিটির রিপোর্টে বলা হয়েছে, মহুয়ার এই কার্যকলাপ অনৈতিক এবং আপত্তিকর। এটা অপরাধও বটে। তাই এথিক্স কমিটি ‘কঠোর শাস্তির’ সুপারিশ করছে। ইতিমধ্যেই মহুয়ার ব্যাপারে ৫০০ পৃষ্ঠার খসড়া রিপোর্ট তৈরি করেছে। এই রিপোর্ট তৈরির জন্য কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার সংবিধান বিশেষজ্ঞদেরও সাহায্য নিয়েছেন বলে খবর। ওই রিপোর্টে বলা হয়েছে, সংসদ থেকে অবিলম্বে মহুয়াকে বহিষ্কার করা উচিত। আর কেন্দ্রের সরকারের উচিত মহুয়ার বিরুদ্ধে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাতিষ্ঠানিক তদন্ত শেষ করা। এদিন বিকেলেই মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সাংবিধানিক সংস্থা লোকপাল। অর্থাৎ এথিক্স কমিটি যে সুপারিশ করতে চলেছে, তার প্রক্রিয়া এক প্রকার শুরুও হয়ে যায়। তবে, এথিক্স কমিটির খসড়া রিপোর্ট এটি। বৃহস্পতিবার এথিক্স কমিটির বৈঠকেই এই খসড়া রিপোর্ট পেশ করা হয়। তার পর সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ওই রিপোর্ট বৈঠকে পাশ করানো হয়।

About Post Author