সময় কলকাতা ডেস্ক, ২৬ নভেম্বর: সংসদের শীতকালীন অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকের ডাক দিল কেন্দ্র। আগামী ২ ডিসেম্বর সর্বদলীয় বৈঠকের ডাক দিয়ে কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করেছেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। জানা গিয়েছে, সুষ্ঠুভাবে অধিবেশন চালানোর লক্ষ্যেই সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন তিনি। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন, এই অধিবেশনে ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি এবং সাক্ষ্য আইন প্রতিস্থাপনের লক্ষ্যে তিনটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নিয়োগের বিলটিও ঝুলে রয়েছে। সেটিও এই অধিবেশনে উত্থাপন করা হতে পারে।
আরও পড়ুন ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন মামলায় এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে শুরু সিবিআই তদন্ত
আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। ২২ ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ১৫ দিন ধরে চলবে এই অধিবেশন। প্রসঙ্গত, ৩ ডিসেম্বর পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে। ঠিক তার পরদিনই সংসদের অধিবেশন শুরু হবে। জানা গিয়েছে, শীতকালীন অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হওয়ার কথা। ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি দণ্ডবিধি এবং এভিডেন্স অ্যাক্টের বদলে তিন নতুন বিধি লাগু করতে চায় সরকার। আসন্ন অধিবেশনে এই তিনটি বিল তোলা হতে পারে। এছাড়া, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত একটি বিলও সংসদে পেশ করা হতে পারে। নির্বাচন কমিশনার নিয়োগের কমিটিতে এখনও পর্যন্ত প্রধান বিচারপতির থাকা বাধ্যতামূলক।
তবে, এই বিলে তাঁকে বাদ দিয়েই কমিশনার নিয়োগের কমিটি গঠনের কথা বলা হয়েছে। বাদল অধিবেশনে বিলটি তোলা হয়েছিল। বিরোধী দলগুলি এবং প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনাররা এর তীব্র প্রতিবাদ করেছিলেন। তাই বিলটি পাস করানোর বিষয়ে চাপ দেয়নি সরকার। সংসদের বিশেষ অধিবেশনেও বিলটি পাস হয়নি। সেপ্টেম্বর মাসেই লোকসভার বিশেষ অধিবেশন হয়েছিল। সেই অধিবেশনে মোট পাঁচটি বিল তোলা হয়েছিল। তবে, শুধুমাত্র নারী শক্তি বন্দন অধিনিয়ম বা মহিলা সংরক্ষণ বিলটিই পাস হয়েছিল। বিশেষ অধিবেশনের আগে জল্পনা ছড়িয়েছিল, দেশের নাম থেকে ইন্ডিয়া বাদ দিয়ে শুধুমাত্র ভারত করা হবে। এই সংক্রান্ত একটি বিল আনতে পারে সরকার। আরও জল্পনা ছিল, ‘এক দেশ, এক নির্বাচন’ বিষয়েও একটি বিল পাস করা হতে পারে। তবে, এই জল্পনাগুলির কোনওটিই সত্যি হয়নি।


More Stories
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?