Home » প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি ম্যাঞ্চেস্টার সিটি ও লিভারপুলের

প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি ম্যাঞ্চেস্টার সিটি ও লিভারপুলের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ নভেম্বর: ইতিহাডে লেখা হল না ইতিহাস। তাদের ঘরের মাঠে ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) দলের অশ্বমেধের ঘোড়া থামাল লিভারপুল (Liverpool)। শনিবার প্রিমিয়ার লিগে (Premier League) এই দুই দলের হাইভোল্টেজ  ম্যাচ শেষ হয় ১-১ গোলে। ম্যাঞ্চেস্টার সিটি ব্রিগেডের হয়ে প্রথমার্ধে এগিয়ে দিয়েছিলেন আর্লিং হাল্যান্ড। দ্বিতীয়ার্ধে লিভারপুলের হয়ে সমতা ফেরান ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড।

নিজেদের ঘরের মাঠে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচে জয় পেয়ে আসছিলেন পেপ গুয়ার্দিওলার ছেলেরা। ইংল্যান্ডের শীর্ষ ক্লাবগুলির মধ্যে একটানা এতগুলি ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে সান্ডারল্যান্ডের দখলে। ১৮৯০ থেকে ১৮৯২ ঘরের মাঠে টানা সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়েছিলেন তারা। মোট ২৪ টি ম্যাচে জয় পায় সান্ডারল্যান্ড।এদিন লিভারপুলকে হারাতে পারলেই সিটির জয়ের সংখ্যাটা গিয়ে দাঁড়াত ২৪-এ। কিন্তু সেটি হতে দিলেন না য়ুরেগন ক্লপের ছেলেরা। যদিও প্রথমার্ধে সিটিকে এগিয়ে দেন আর্লিং হাল্যান্ড। ম্যাচের ২৭ মিনিটে ন্যাথান আকের বাড়ানো পাস বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। এই গোলের ফলে নয়া কীর্তি গড়লেন নরওয়ের গোল মেশিন।  প্রিমিয়ার লিগে ৫০ গোলের মালিক হলেন তিনি। মোট ৪৮ টি ম্যাচে অর্ধশত গোল করলেন তিনি। এত কম ম্যাচ খেলে ৫০ গোল করতে পারেননি আর কোনও ফুটবলার।  

আরও পড়ুন: রান করেও জাতীয় দলে ব্রাত্য, বিরাট সিদ্ধান্ত নিয়ে ফেললেন সূর্য কুমার যাদবের প্রাক্তন সতীর্থ

৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সিটি। তবে দেখা যায় গোলের সময় লিভারপুল গোলরক্ষককে ফাউল করেন ম্যানুয়েল আকাঞ্জি। গোলটি বাতিল করা হয়। গোটা ম্যাচের রাশ ছিল গত মরশুমের ত্রিমুকুট জয়ীদের দখলে। নিজেদের প্রথাগত ছোটো ছোটো পাসে লিভারপুলের রক্ষণ ভাঙতে চেষ্টা করে সিটি। প্রথমার্ধে মোট ৩৫৬ পাস খেলেছে তারা। সেখানে লিভারপুলের পাসের সংখ্যা মাত্র ২১৪ টি। দুটি প্রান্ত ব্যবহার করে প্রতি আক্রমণে জোর দেয় ক্লপের ছেলেরা। তবে গোলমুখ খুলতে বারবার ব্যর্থ হয়। ৩৫ মিনিটের মাথায় সোবোসলাইয়ের পাস থেকে গোলের দারুণ সুযোগ নষ্ট করেন নুনেজ। বল পোস্টের বাইরে মারেন। তবে হাল ছাড়েননি মহম্মদ সালাহ, ডারউইন নুনেজরা। ৮০ মিনিটে অবশেষে সমতা ফেরায় লিভারপুল। সালাহর দেওয়া পাস থেকে অবশেষে সিটি দূর্গ ভেদ করেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। ডান পায়ের কোনাকুনি শটে বল জালে জড়ান তিনি। শেষ পর্যন্ত ১-১ ব্যবধান রেখেই মাঠ ছাড়ে দুদল। 

About Post Author