সময় কলকাতা ডেস্ক, ২৯ নভেম্বরঃ নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রসন্ন রায়ের পর এবার শর্তসাপেক্ষে জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বুধবার শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। গ্রুপ সি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা থেকে এদিন জামিন মিলেছে কল্যাণময়ের। মিডলম্যান প্রসন্ন রায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন। আর কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জামিন দিল কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে জয়নগর থানা ঘেরাও কর্মসূচি বামেদের
তবে,নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের স্ত্রীর জামিন পাওয়ার পর কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন পাওয়া নিঃসন্দেহে বড় বিষয়। কারণ, এই দুর্নীতিতে সরাসরি তাঁর নাম বারংবার উঠে এসেছিল। তবে জামিনের রয়েছে কিছু শর্ত। প্রাক্তন পর্ষদ সভাপতিকে তদন্তে সহযোগিতা করতে হবে। কলকাতা পুরসভার একটি নির্দিষ্ট এলাকায় থাকতে হবে তাঁকে। বিধাননগর কমিশনারেট এবং পার্ক স্ট্রিট থানা এলাকায় প্রবেশ করতে পারবেন না তিনি। এছাড়া, পাসপোর্ট থাকলে তা নিম্ন আদালতে জমা করতে হবে। নিয়োগ দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত পাঁচজন অভিযুক্ত জামিন পেয়েছেন।
উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গত ১৬ সেপ্টেম্বর গ্রেফতার করা হয় কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। বাগ কমিটির রিপোর্টে নাম ছিল কল্যাণময়ের। নিজাম প্যালেসে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর ওইদিন তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর বিরুদ্ধে মূলত অভিযোগ, নিয়োগপত্রে সই করে তা প্রাক্তন উপদেষ্টা কমিটির সদস্য এসপি সিনহা অর্থাৎ শান্তিপ্রসাদ সিনহার কাছে পৌঁছে দিতেন। সেইসব বিষয় নিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করে বলে সূত্রের খবর। এরপরই গ্রেফতার করা হয় তাঁকে। গ্রেফতারির প্রায় ১৪ মাস পর জামিন পেলেন তিনি।


More Stories
রোহিঙ্গা ঠেকানো লক্ষ্য বিজেপির, বললেন খাদ্যমন্ত্রী
পুলিশের জালে তৃণমূল নেত্রী, তোলা হল বারাসাত আদালতে
নিজের স্ত্রীকে আবার বিয়ে করছেন খগেশ্বর রায়