স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩০ নভেম্বর: ধীরে ধীরে তলানিতে গিয়ে ঠেকেছে ঐতিহ্যবাহী কলকাতা লিগের গুরুত্ব। সেটা আরও একবার প্রমাণিত হল। কলকাতা লিগের ডার্বিতে দলই নামাল না মোহনবাগান। ফলে বহু প্রতীক্ষিত ডার্বিতে ঘাম না ঝড়িয়েই ৩ পয়েন্ট পেয়ে গেল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার এই ম্যাচটি হওয়ার কথা ছিল নৈহাটি স্টেডিয়ামে। তবে ম্যাচের দিন ইস্টবেঙ্গল উপস্থিত হলেও আসেনি মোহনবাগান। ফলে এক ঘন্টা অপেক্ষা করার পর লাল হলুদ ব্রিগেডকে ওয়াকওভার দিয়ে দেন রেফারি। আর কলকাতা লিগের ডার্বিতে মাঠে দল না নামানোয় কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে মোহনবাগানকে।

বৃহস্পতিবার ম্যাচ শুরুর অনেক আগেই নৈহাটি স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিল ইস্টবেঙ্গল টিম। কিছুক্ষণ পরে মাঠে নেমে ঘাম ঝড়াতে থাকেন অতুল, নিরঞ্জন, দীপরা। কিন্তু তখনও দেখা মিলছিল না মোহনবাগান দলের। তখন ম্যাচ রেফারি ঘোষণা করেন, ‘মোহনবাগান দলের জন্য এক ঘণ্টা অপেক্ষা করা হবে। তার মধ্যেও ওদের ফুটবলারেরা মাঠে উপস্থিত না হলে ইস্টবেঙ্গলকে বিজয়ী ঘোষণা করা হবে’। ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টো থেকে। তবে ৩টে বেজে গেলেও দেখা যায়নি মোহনবাগান দলকে। ফলে ইস্টবেঙ্গলকে ওয়াকওভার দিয়ে দেন রেফারি।
8th time a Walkover has been awarded in a #KolkataDerby match, 5th time by #MohunBagan#EastBengalFC is awarded 3 points and a 3—0 win. https://t.co/KkaprhPJgu pic.twitter.com/3tGi24OCX3
— East Bengal History???????? (@ebfchistory) November 30, 2023
আরও পড়ুন: ওনানার ভুলের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পথে ইউনাইটেড
তবে এই প্রথম নয়। ২০১৬ সালের ৭ সেপ্টেম্বরও কলকাতা ডার্বিতে দল নামায়নি মোহনবাগান। সেই ম্যাচটি হওয়ার কথা ছিল কল্যাণী স্টেডিয়ামে। ৩০ মিনিট মোহনবাগানের জন্য অপেক্ষা করার পর ইস্টবেঙ্গলকে ওয়াকওভার দেন রেফারি প্রাঞ্জল ব্যানার্জী। প্রায় ৭ বছর পর ফের কলকাতা লিগের ডার্বিতে দল নামাল না মোহনবাগান। কলকাতা ডার্বি মানে দু’দলের সমর্থকের কাছেই আবেগের। সে যতই দু’দলের রিজার্ভ ফুটবলারেরা খেলুন। তবে এদিন যে খেলা হবে না টের পাওয়া গিয়েছিল মাঠে সমর্থকদের উপস্থিতি দেখে। সময় হয়ে গেলেও নৈহাটি স্টেডিয়াম পুরোপুরি ফাঁকা ছিল। আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, “নিয়মমতোই ইস্টবেঙ্গল ওয়াকওভার পেয়েছে। তিন পয়েন্টও ওদের। মোহনবাগানকে কোনও শাস্তি দেওয়া হবে কি না এটা আইএফএ-র কমিটি ঠিক করবে।”
আসলে কলকাতা প্রিমিয়ার ডিভিশনে এবার অনেক আগেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে মহামেডান স্পোর্টিং। ফলে বাকি খেলাগুলি কার্যত হয়ে দাড়িয়েছে নিয়মরক্ষার। আইএফএ বৃহস্পতিবার হঠাৎ করে কলকাতা লিগে ডার্বির দিন ঘোষণা করে। গত সোমবার আইএফএ-কে চিঠি লিখে মোহনবাগান ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিল। কিন্তু আইএফএ সেই আবেদনে কর্ণপাত করেনি। মোহনবাগান ফের চিঠি দিয়ে অনুরোধ করে যাতে ম্যাচের দিন পিছোন হয়। একই সঙ্গে নৈহাটির বদলে যুবভারতীতে ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল মোহনবাগানের তরফ থেকে। সেই দাবি উড়িয়ে দিয়ে বুধবার আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছিলেন বৃহস্পতিবারই ম্যাচ হবে। তিনি আরও জানান নৈহাটি স্টেডিয়ামে পুলিশি নিরাপত্তা-সহ সব সরকারি অনুমোদন নেওয়া হয়ে গিয়েছে। তাই আর দিন বা মাঠ পরিবর্তন সম্ভব নয়।


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক
প্লে-অফে যেতে হলে কেকেআর-কে কী করতে হবে? কলকাতার সামনে কোন পথ খোলা?