Home » ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, কলকাতা সহ উত্তরবঙ্গের কিছু অঞ্চল

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, কলকাতা সহ উত্তরবঙ্গের কিছু অঞ্চল

সময় কলকাতা ডেস্ক, ২ ডিসেম্বরঃ শনিবার সাত সকালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৬। কম্পনের উৎসস্থল কুমিল্লা থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ৫৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। বাংলাদেশ ছাড়াও এদিন সকালে কম্পন অনুভূত হয়েছে কলকাতাতে, উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতেও। এছাড়া, উত্তরবঙ্গের একাধিক জেলা, ত্রিপুরা, মিজোরামের বেশ কিছু এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে। যদিও ভূমিকম্পের জেরে কোনও হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। 

আরও পড়ুন     কল্যাণী এইমস-এ নিয়োগ দুর্নীতিকাণ্ডে দুই বিজেপি বিধায়ককে তলব সিআইডির

জানা গিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাছাকাছি। রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার পূর্ব- উত্তরপূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে শুরু করে সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, নোয়াখালি, কুষ্টিয়া-সহ বিভিন্ন প্রান্তে ভূমিকম্প অনুভূত হয়েছে। আর বাংলাদেশে ভূমিকম্পের জেরে এপার বাংলাতেও কম্পন অনুভূত হয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে কম্পন অনুভূত হয়েছে।

আরও পড়ুন   OPTICAL ILLUSIONS: নীচের দেওয়া ছবি দুটির মধ্যে থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পারবেন?

সাত সকালে এই ভূমিকম্পের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মনে। আতঙ্কে অনেকেই বাড়ি-ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। যদিও শনিবার সকালের এই ভূমিকম্পে ওপার বাংলায় বা এপার বাংলায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য এখনও পাওয়া যায়নি। অন্যদিকে, শনিবার লাদাখেও ভূমিকম্প হয়েছে। এদিন সকাল ৮টা ২৫ মিনিটে লাদাখে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৪। কম্পনস্থলের উৎসের গভীরতা ছিল মাটি থেকে ১০ কিলোমিটার নীচে।

About Post Author