Home » Indian Super League 2024:দুর্বল হায়দরাবাদ এফসিকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগে পাঁচে পাঁচ মোহনবাগানের

Indian Super League 2024:দুর্বল হায়দরাবাদ এফসিকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগে পাঁচে পাঁচ মোহনবাগানের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ ডিসেম্বর: ঘরের মাটিতে যেই ওড়িশার বিরুদ্ধে পাঁচ গোল হজম করতে হয়েছিল মোহনবাগানকে।  সেই ওড়িশার মাটিতেই প্রত্যাবর্তন করল সবুজ-মেরুন। শনিবার আইএসএলে নিজেদের পঞ্চম ম্যাচে দুর্বল হায়দরাবাদ এফসির বিরুদ্ধে দুরন্ত জয় পেল মেরিনাররা। গঙ্গাপারের ক্লাবের পক্ষে খেলার ফল ২-০। তাদের হয়ে গোল করেন ব্রেন্ডন হামিল ও আশিস রাই। চলতি প্রতিযোগিতায় প্রথম  রেকর্ড গড়ে পাঁচে পাঁচ মোহনবাগানের (Mohun Bagan)।

টানা চার ম্যাচ জিতে আইএসএলে খেলতে নেমেছিল মোহনবাগান। প্রতিপক্ষ পয়েন্ট তালিকার তলানিতে থাকা হায়দরাবাদ এফসি। তবে তেলেঙ্গানাতে নির্বাচন থাকায় ঘরের ম্যাচ ওড়িশায় খেলতে হয় তাদের। হায়দরাবাদের ঘরের ম্যাচ হলেও শুরুটাও ভাল করেছিল মোহনবাগান। খেলা শুরুর ১৫ মিনিটের মাথায় গোলের সুযোগ পায় তারা। সাহাল আবদুল সামাদের ক্রসে শট নেন অসি বিশ্বকাপার জেসন কামিন্স। তবে বলটি বাঁচিয়ে দেন হায়দরাবাদের গোলরক্ষক গুরমীত সিংহ। ফিরতি বলে গোল করার সুযোগ থাকলেও কাজে লাগাতে পারেননি কিয়ান নাসিরি। খেলার ২৮ মিনিটে লিস্টন কোলাসোর ফ্রি-কিক বারে লেগে বেরিয়ে যায়। আক্রমণে চাপ বজায় রাখলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না মোহনবাগান। ৩৫ মিনিটের মাথায় প্রতি আক্রমণ থেকে একটি সহজ সুযোগ পেয়ে যায় হায়দরাবাদ। জো নোলসের মাটি ঘেঁষা শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে স্কোরবোর্ডে পরিবর্তন হয়নি।

আরও পড়ুন: বিশ্বচ্যাম্পিয়নদের দেশে গিয়ে চরম দুর্ভোগের শিকার পাকিস্তান ক্রিকেট দল

বিরতির পরে দু’দলই গোল পেতে মরিয়া হয়ে ওঠে। ৫০ মিনিটের মাথায় কামিংসের শট অল্পের জন্য নিশানাচ্যুত হয়। এর কিছু সময় পর হায়দরাবাদের জোয়াও ভিক্টরের শটও অল্পের জন্য লক্ষ্যভেদ করতে পারেনি।  সময় যত গড়াচ্ছিল তত আক্রমণে ঝাঁঝ বাড়াচ্ছিল গতবারের আইএসএল চ্যাম্পিয়নদের। ৭৬ মিনিটে প্রায় একক প্রয়াসে গোলের কাছে পৌঁছে যান হুগো বুমোস। কিন্তু গোলের দেখা পাননি। ৮৩ মিনিটে আর্মান্দো সাদিকুর শট ভাল বাঁচান হায়দরাবাদ গোলরক্ষক। তবু হাল ছাড়েনি সবুজ-মেরুন শিবির। তার ফলও পায়। ৮৫ মিনিটে বাগানকে এগিয়ে দেন ব্রেন্ডন হামিল। গোলের ঠিকানা লেখা বলটি বাড়িয়েছিলেন সাহাল। সবুজ-মেরুন জার্সিতে এই প্রথম গোল করলেন হামিল।

শেষ দিকে বেশ কয়েক বার উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ান দু’দলের ফুটবলারেরা। দ্বিতীয়ার্ধে সংযুক্তি সময় দেওয়া হয় ৮ মিনিট। এগিয়ে গেলেও আক্রমণ ধরে রাখে বাগান। ৯৬ মিনিটের মাথায় বুমোসের শট বাঁচান গুরমীত। ফিরতি বল জালে জড়ান আশিস রাই। ২-০ ব্যবধানে এগিয়ে য়ায় বাগান। আর ম্যাচে ফেরার সুযোগ ছিল না হায়দরাবাদের। হেরে মাঠ ছাড়ে তারা।

About Post Author