স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৯ ডিসেম্বর: ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে হার ভারতীয় মহিলাদের। প্রথম ম্যাচের পর সিরিজের দ্বিতীয় ম্যাচেও ইংল্যান্ডের বিরুদ্ধে হারলেন হরমনপ্রীত কউররা। মুম্বাইয়ের স্টেডিয়ামে চার উইকেটে হারলেন তারা। প্রথমে ব্যাট করে ৮০ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। জবাবে ছয় উইকেট হারিয়েই জয়ের রান তুলে নেয় ইংল্যান্ড।

শনিবার টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। ঘরের মাটিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। দিনের দ্বিতীয় বলেই রানের খাতা না খুলে ডাগআউটে ফেরেন শেফালী বর্মা। তিন নম্বরে নেমে কিছুটা লড়াই চালালেন জেমাইমা রড্রিগেজ। ৩৩ বলে ৩০ রান করেন তিনি। ওপেনার স্মৃতি মান্ধনার ব্যাট থেকে আসে ১০ রান। ভারতীয় দলের আর কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। ব্যাট হাতে ব্যর্থ দলের অধিনায়ক হরমনপ্রীত কউর। মাত্র ৯ রান করেই ফেরেন তিনি। ইংল্যান্ডের হয়ে চার্লি ডিন, লরেন বেল, সোফি এক্লেস্টন এবং সারাহ গ্লেন দু’টি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন ন্যাট সিভার এবং ফ্রেয়া কেম্প।

আরও পড়ুন: INTERNATIONAL CRICKET: ১৭ বছর পর ফের বাইশ গজে ফিরছেন গড়াপেটার দায়ে নির্বাসিত ক্রিকেটার
ব্যাটারদের ব্যর্থতার দিনে উজ্জ্বল ভারতীয় বোলারদের পারফরমেন্স। ৮১ রানের লক্ষ্যমাত্রা দিয়েও দলকে খেলায় টিকিয়ে রাখলেন দীপ্তি-রেণুকারা। তবে শেষরক্ষা হয়নি। ১১.২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড। তবে এই রান তুলতে ছটি উইকেট হারাতে হয় তাদের। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন রেণুকা সিং ও দীপ্তি শর্মা। একটি করে উইকেট নেন সাইকা এবং পূজা বস্ত্রকার। তবে ইংল্যান্ডকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান অ্যালিস ক্যাপসি ও ন্যাট শিভার।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথম একাদশে জায়গা করে নিয়েছিলেন বাংলার চার ক্রিকেটার। দীপ্তি শর্মা, তিতাস সাধু, সাইকা ইসাক ও রিচা ঘোষ। তবে দলকে হারের হাত থেকে বাঁচাতে পারেননি। এই হারের ফলে ৩ ম্যাচের সিরিজে ২-০ গোলে পিছিয়ে পড়ল ভারত। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি তাই এখন হয়ে দাড়াল কার্যত নিয়মরক্ষার।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার