Home » EPL2023-24: সালাহর ২০০ গোলের দিনে পিছিয়ে পড়েও দুরন্ত জয় লিভারপুলের, ঘরের মাঠে বিপর্যস্ত ইউনাইটেড

EPL2023-24: সালাহর ২০০ গোলের দিনে পিছিয়ে পড়েও দুরন্ত জয় লিভারপুলের, ঘরের মাঠে বিপর্যস্ত ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ ডিসেম্বর: নয়া মাইলফলক স্পর্শ করলেন মহম্মদ সালাহ। লিভারপুলের জার্সিতে ২০০ গোলের মালিক হলেন মিশরীয় তারকা। শনিবার প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তন করে লিভারপুল। ২-১ গোলে ম্যাচ জিতে নেয় তারা। সেই জয়ে বড় অবদান রইল সালাহর। অন্যদিকে ঘরের মাটিতে বর্নমাউথের বিরুদ্ধে লজ্জার হার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। এরিক টেন হ্যাগের দল হারল ০-৩ গোলে।

প্রথমে গোল হজম করে ম্যাচ জেতা অভ্যাসে পরিণত করে ফেলেছে লিভারপুল। শনিবারও ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।  প্রথমার্ধের খেলার ফল ছিল গোলশূন্য। ৫৭ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে জুরেগন ক্লপের ছেলেরা। পেনাল্টি থেকে গোল করে প্যালেসকে এগিয়ে দেন জঁ ফিলিপ মাতেতা। গোল শোধ করতে মরিয়া চেষ্টা চালাতে থাকেন নুনেজ, এলিয়ট, সালাহরা। তবে কিছুতেই গোলের মুখ খুলছিল না। ৭৫ মিনিটে দশজনে হয়ে যায় ক্রিস্টাল প্যালেস। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জর্ডন আইয়িউ। দশজনের বিপক্ষকে পেয়ে আক্রমণে আরও ঝাঁঝ বাড়ায় অলরেডরা। ৭৬ মিনিটে খেলায় সমতা ফেরায় তারা। গোল করে স্কোরবোর্ড ১-১ করেন মহম্মদ সালাহ। জয়সূচক গোলের দেখা পেতে লিভারপুলকে অপেক্ষা করতে হল দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময় পর্যন্ত। ক্লপ ব্রিগেডের হয়ে দলের জয় নিশ্চিত করেন হার্ভে এলিয়ট।


আরও পড়ুন:ISL2023-24: অসংখ্য গোলের সহজ সুযোগ নষ্টের খেসারত, যুবভারতীতে পঞ্জাবের বিরুদ্ধে আটকে গেল ইস্টবেঙ্গল

লিভারপুলের জয়ের দিন ঘরের মাটিতে বিপর্যয় ঘটল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। বর্নমাউথের বিরুদ্ধে তারা হারল ০-৩ গোলে। খেলা শুরু হওয়ার ৫ মিনিটের মধ্যে এগিয়ে যায় স্বাগতিকরা। কাউন্টার অ্যাটাক থেকে গোল করে যান ডমিনিক সোলাঙ্কে। গোল খেয়ে চাপে পড়ে যায় ইউনাইটেড। প্রথমার্ধে স্কোরবোর্ডে আর কোনও পরিবর্তন হয়নি। দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠেন ব্রুনো, হুইল্যান্ডরা। তবে স্বাগতিকদের বক্সের মধ্যে সেই আক্রমণ ছিল সীমাবদ্ধ। উল্টে ৬৮ মিনিটে ফের গোল খেয়ে বসে ইউনাইটেড। এবার গোল করেন পরিবর্ত হিসেবে মাঠে নামা ফিলিপ বিলিং। এই গোলের পাঁচ মিনিটের মধ্যে ইউনাইটেডের কফিনে শেষ পেরেকটি পোঁতেন মার্কোস সেনসি। ব্যবধান ৩-০ করেন তিনি। ম্যাচ শেষে হতশ টেন হ্যাগ বলেছেন, ‘‘আমার কাছে এরকম হারের কোনও ব্যাখ্যা নেই। পরিকল্পনামাফিক ফুটবল আমরা খেলতেই পারিনি।”

About Post Author