Home » Premier League: খেলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত ফুটবলার নিয়ে যাওয়া হল হাসপাতালে

Premier League: খেলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত ফুটবলার নিয়ে যাওয়া হল হাসপাতালে

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ ডিসেম্বর: খেলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হলেন আরও এক ফুটবলার। শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচ ছিল লুটন টাউন বনাম বর্ন মাউথের। সেই খেলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন লুটন টাউনের অধিনায়ক টম লকার। তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

কিছুদিন আগে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেতা শ্রেয়স তালপাড়ে। এবার সেই ছায়া প্রিমিয়ার লিগে। ম্যাচ চলাকালীন মাঠের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হলেন লুটন টাউনের অধিনায়ক টম লকার। ভিটালিটি স্টেডিয়ামে লিগের ম্যাচে খেলা চলছিল লুটন টাউনের সঙ্গে বর্নমাউথের। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে মাঠের মধ্যে লুটিয়ে পড়েন লুটন টাউনের অধিনায়ক। কয়েক মুহূর্ত স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা স্টেডিয়াম। ঘটনার পর দ্রুত মাঠে প্রবেশ করেন লুটনের ম্যানেজার রব এডওয়ার্ডস। মাঠের মধ্যেই হাতজোড় করে প্রার্থনা করতে দেখা যায় দুই দলের বেশ কিছু ফুটবলারকে। তাঁদের মুখের মধ্যে সতীর্থকে নিয়ে উদ্বেগের ছাপ তখন স্পষ্ট। খেলা বন্ধ রাখেন ম্যাচ রেফারি। দুই দলের ফুটবলারদের পাঠিয়ে দেওয়া হয় চেঞ্জিং রুমে। মাঠের মধ্যে প্রাথমিক চিকিৎসা শুরু করা হয়। তারপর স্ট্রেচারে করে লুটন অধিনায়ককে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে। দ্রুত আরোগের প্রার্থনা জানায় স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা।

লুটন টাউন ক্লাবের পক্ষে সমাজমাধ্যমে একটি বিবৃতি জারি করা হয়। তাতে লেখা হয়, “আমাদের দলের স্বাস্থকর্মীরা খবরটি নিশ্চিত করেছেন। মাঠে হৃদরোগে আক্রান্ত হয়েছেন আমাদের অধিনায়ক। তবে তিনি প্রতিক্রিয়াশীল ছিলেন মাঠের বাইরে নিয়ে যাওয়ার সময়। মাঠের মধ্যে তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। আমরা উভয় পক্ষের মেডিকেল দলকে এরজন্য ধন্যবাদ জানাচ্ছি। হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে টমকে। বর্তমানে তিনি স্থিতিশীল। তাঁর পরিবার টমের সঙ্গে রয়েছে। তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষা- নিরীক্ষা করা হচ্ছে হাসপাতালে। সমর্থকদের তাঁদের প্রার্থনা ও শুভকামনার জন্য ধন্যবাদ।”

আরও পড়ুন: Premier League: প্রিমিয়ার লিগে ফের ধাক্কা গুয়ার্দিওলার সিটির, জয় চেলসির

যদিও এই প্রথম নয়। চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়নশিপের প্লে-অফ চলাকালীন প্রথম হৃদরোগে আক্রান্ত হন তিনি। এটা নিয়ে দ্বিতীয়বারের জন্য হৃদরোগে আক্রান্ত হলেন ২৯ বছরের ফুটবলার। দ্রুত সুস্থ হয়ে নিজের স্বাভাবিক জীবনে ফিরুন লুটন অধিনায়ক তম, প্রার্থনায় গোটা ফুটবলবিশ্ব।

About Post Author