Home » চাপের মুখে নতি স্বীকার কেন্দ্রের, সাসপেন্ড জাতীয় কুস্তি সংস্থার সদ্য নির্বাচিত কমিটি

চাপের মুখে নতি স্বীকার কেন্দ্রের, সাসপেন্ড জাতীয় কুস্তি সংস্থার সদ্য নির্বাচিত কমিটি

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ ডিসেম্বর: ভারতীয় কুস্তি বিতর্কে নয়া মোড়। ভারতীয় কুস্তি ফেডারেশনের (Wrestling Federation of India) সদ্য নির্বাচিত কমিটিকে সাসপেন্ড করল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। বৃহস্পতিবার নির্বাচনের মধ্যে দিয়ে এই কমিটি তৈরি হয়েছিল। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন সঞ্জয় সিং। যিনি আবার যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত তথা বিদায়ী কমিটির সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। তবে নির্বাচনের মাত্র তিনদিনের মধ্যে সঞ্জয়ের নেতৃত্বাধীন পুরো কমিটিকে সাসপেন্ড করা হল। কেন এরকম সিধান্ত নেওয়া হয়েছে?

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার নতুন দায়িত্ব নেওয়ার পরেই, জাতীয় স্তরে দুই বয়স ভিত্তিক প্রতিযোগিতার কথা ঘোষণা করেন সঞ্জয়। তিনি বলেছিলেন, চলতি মাসের শেষে উত্তর প্রদেশের গোণ্ডাতে অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-২০ প্রতিযোগিতা হবে। যদিও ভারতীয় কুস্তির সংবিধান অনুযায়ী, যুব বা বড়দের জাতীয় প্রতিযোগিতা করার আগে প্রধান কমিটির সঙ্গে পরামর্শ নিতে হবে। প্রতিযোগিতার আগে প্রস্তুতির জন্য কুস্তিগিরদের পর্যাপ্ত সময় দিতে হবে। ন্যূনতম ১৪-১৫ দিন দিতে হবে একজন প্রতিযোগীকে। ফলে, নতুন সভাপতির তাড়াহুড়ো করে সিধান্ত নেওয়ার ব্যাপারটি ভালো চোখে নেয়নি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। সেই কারণে কমিটি সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে তারা। যদিও এখনও কমিটি ভেঙে দেওয়া হয়নি। পরবর্তী নির্দেশ পর্যন্ত নিলম্বিত রাখা হয়েছে।

আরও পড়ুন: Premier Legaue: ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে হেরে বছর শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড

বৃহস্পতিবার ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন সঞ্জয় সিং। তিনি ব্রিজ ভূষণের ঘনিষ্ঠ বলেও নানা মহলে পরিচিত। যেই ব্রিজ ভূষণের বিরুদ্ধে দেশের মহিলা কুস্তিবিদদের যৌন নিগ্রহের অভিযোগ রয়েছে। নতুন সভাপতির নাম ঘোষণা হতেই ফের বিদ্রোহ শুরু করেন দেশের কৃতি কুস্তিবিদরা। খেলা থেকে সন্ন্যাস নেওয়ার কথা জানিয়েছিলেন সাক্ষী মালিক। এই সিধান্ত জানাতে গিয়ে কেঁদে ফেলেছিলেন ভারতীয় কুস্তির সোনার মেয়ে। আর এক কৃতী কুস্তিবিদ বজরং পুনিয়া পদ্মশ্রী ফেরানোর কথা ঘোষণা করেন। তিনি জানিয়ে দেন প্রধানমন্ত্রীর হাতে সেই পদক ফিরিয়ে দেবেন। তবে সংসদে তিনি যখন পৌঁছেছিলেন তখন ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী। মাঝ পথে তাঁকে সংসদে ঢোকা থেকে আটক করে দিল্লি পুলিশ। সংসদের সামনের রাস্তায় পদ্মশ্রীর পদক ও স্মারক লিপিটি ফেলে আসেন বজরং। এসবের মধ্যে নতুন কমিটিকে অস্থায়ী কালের জন্য সাসপেন্ড করল দেশের ক্রীড়া মন্ত্রক।

About Post Author