সময় কলকাতা ডেস্ক, ৫ জানুয়ারি : ইডিকে মারধর করার নজিরবিহীন ঘটনাও ঘটল বঙ্গে। জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ নেতার বাড়িতে ঢুকতেই ইডি (#ED) আধিকারিকদের উপর হামলা শেখ শাহজাহান এর অনুগামীরা, আক্রান্ত হয়েছে সংবাদমাধ্যমের কর্মীরাও। শেখ শাহজাহানের অনুগামীদের সৌজন্যে রক্ত ঝরল সন্দেশখালিতে। তৃণমূল বাহিনীর তান্ডবে তল্লাশি অভিযান শিকেয় তুলে অবশেষ এলাকা ছাড়ল ইডি আধিকারিক সহ ইডি – কেন্দ্রীয় বাহিনী সহ সংবাদমাধ্যম।
রেশন দুর্নীতির তদন্তে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ নেতার বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত ইডি আধিকারিকরা যেভাবে আক্রান্ত হলেন তা শুধু বঙ্গে নজিরবিহীনই নয়, ভারতবর্ষেই নজিরবিহীন। এভাবে কেন্দ্রীয় বাহিনীকে রক্তাক্ত হতে হয়নি আসমদ্র হিমাচল ভারতে। এদিন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ঢুকতে গিয়ে বাধা পান তদন্তকারীরা। ইডির আধিকারিকদের মারধর করতে এগিয়ে যায় তৃণমূল নেতার অনুগামীরা,ধাক্কা দেওয়া হয় নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকেও। ধাওয়া করে ইডি আধিকারিকদের এলাকা ছাড়া করা হয়। ভাঙচুর করা হয় ইডি আধিকারিকদের গাড়ি। দুজন ইডি আধিকারিক আক্রান্ত বলে জানা গিয়েছে। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় সংবাদমাধ্যমও, ভাঙা হয় ক্যামেরা, গাড়ি। রাজনৈতিক দলের তথা বর্তমানে শাসক দল তৃণমূলের ছত্রছায়ায় থাকা শাহজাহান নামের একদা চারা গাছ যে বিষবৃক্ষে পরিণত হয়ে আইনের উর্ধ্বে উঠেছে তার নতুন অধ্যায় দেখল বঙ্গ। প্রশ্ন উঠছে এর শেষ কোথায়?
এই শাহাজাহান শেখ বা শেখ শাহাজাহান নামটি বঙ্গ রাজনীতিতে নতুন নয়। একদা ট্রেকার চালক থেকে সন্দেশখালির বেতাজ বাদশা হয়ে ওঠা শাহজাহান শেখের উত্থান রূপকথার মত। সন্দেশখালি বিধানসভার তৃণমূলের কনভেনার শাহজাহান শেখ এবং উত্তর ২৪ পরগনা জেলাপরিষদের মৎস ও প্রানী সম্পদ কর্মদক্ষ, তার সন্দেশখালি সরবেড়িয়ার বাড়িতেই সাতসকালে ইডি হানা দিতেই ঘটনা পরম্পরা যেদিকে গড়াল তা নজিরবিহীন হলেও শেখ শাহজাহানের দাপট তার রাজনৈতিক প্রভাব বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিগত কিছুদিন ধরে শুধুই বেড়েছে। সন্দেশখালীতে শেখ শাহজাহানের বিরোধিতা করার ফলশ্রুতিতে এর আগেও খুনজখমের অভিযোগ ভুরিভুরি।
উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালি বিধানসভার সরবেড়িয়া গ্রামে ইডি আধিকারিকরা যাদের হাতে আক্রান্ত হন তারা সকলেই স্থানীয় ও শাহাজাহান অনুগামী বলে পরিচিত । আজ সকাল ৭ টা ৪০ মিনিট নাগাদ সন্দেশখালি বিধানসভার তৃণমূলের কনভেনার শাহজাহান শেখের বাড়িতে ইডি আধিকারিক রা হানা দেয়। পাঁচজনের একটি ইডি প্রতিনিধি দল হানা দেয় শাহাজাহান শেখ এর বাড়িতে । বাড়িতে কেউ না থাকায় গেট এবং দরজা ভাঙ্গার চেষ্টা চালায় আধিকারিকরা।তারপরেই উত্তেজিত জনতা এসে ঘিরে ফেলে ইডি আধিকারিক সহ সংবাদমাধ্যমকে।রেশন দুর্নীতির তদন্তে বছরের শুরুতেই উত্তর ২৪ পরগনায় সকাল সকাল সাঁড়াশি অভিযানে নামা ইডির আক্রান্ত হওয়ার আগে ছিল আরও কিছু ঘটনাক্রম ।
জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত ২ তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছে যায় ইডি।একাদিকে বনগাঁ,আর এক দিকে সন্দেশখালি হানা দেয় ইডি।অনুগামীদের দাবি,ইডি আধিকারিকরা কেন কোন নোটিশ না দিয়ে এই অভিযান চালিয়েছে, বিজেপির কথামত ইডি এই অভিযান চালাচ্ছে বলেও অভিযোগ করে। এরপরে চলে আক্রমণ। যার পরিণতিতে বছরের শুরুতেই তল্লাশি চালাতে গিয়ে রক্ত ঝরল সন্দেশখালিতে। অতঃপর? বিষয়টি যেখানেই থেমে থাকবে না অত্যন্ত প্রাঞ্জল হয়ে উঠেছে বিষয়টিকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরে। সময় বলবে রক্তঝরা সন্দেশখালি কোন আবর্তে বইবে?


More Stories
আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতার করল ইডি
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ