Home » দেশের সেরা থানা শ্রীরামপুর, আইসিকে পুরস্কৃত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের সেরা থানা শ্রীরামপুর, আইসিকে পুরস্কৃত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

সময় কলকাতা ডেস্ক, ৬ জানুয়ারি: দেশের সেরা থানার পুরষ্কার পেল হুগলির শ্রীরামপুর থানা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত থেকে শ্রীরামপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ দিব্যেন্দু দাস পুরষ্কার গ্রহণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এদিন পুরষ্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নীশিথ প্রমাণিকও। প্রত্যেক বছরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন এক সংস্থা দেশের থানাগুলিকে নিয়ে সমীক্ষা করে থাকে। সেইমত এবছরও দেশের থানাগুলিকে নিয়ে সমীক্ষা করা হয়েছিল। এরপরই নবান্নকে চিঠি মারফত জানানো হয়, দেশের সেরা তিনটি থানার মধ্যে রাজ্যের শ্রীরামপুর থানা সেরা থানার শিরোপা পেয়েছে।

আরও পড়ুন   বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে ফের ট্রেনে আগুন, মৃত কমপক্ষে ৫

যদিও বড়দিনের অনুষ্ঠানের সূচনায় সেই স্বীকৃতির কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা চন্দননগর পুলিশ কমিশনারেটের কর্তাদের মুখের হাসি আরও চওড়া করেছে। শ্রীরামপুরের ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক দিব্যেন্দু দাস সহ অন্যান্য পুলিশ কর্মীরা এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, ‘‘বেশ কিছুদিন আগেই সমীক্ষা করা হয়েছিল কেন্দ্রীয় সংস্থার তরফে। তাদের সমীক্ষায় বেশ কয়েকটি প্যারামিটারের কথাও বলা হয়েছিল।

তার মধ্যে ছিল জনগণের পরিষেবা দেওয়া, মানুষের সাথে পুলিশের সম্পর্ক, থানা চত্বর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কতটা উন্নত পরিষেবার মাধ্যমে জনগণের কাছাকাছি পৌঁছে যেতে পেরেছে পুলিশ তাও এই সমীক্ষায় ছিল।এই স্বীকৃতি অন্য থানা গুলোকে আরও ভালো পরিষেবা দিতে উৎসাহ দেবে। এটা চন্দননগর পুলিশ-সহ গোটা রাজ্যের পুলিশের কাছে গর্বের ব্যাপার।’’

About Post Author