স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ জানুয়ারি: আগামী শুক্রবার বছরের প্রথম ডার্বি। সুপার কাপে এ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল মোহনবাগান। ওই ম্যাচে যে দল জিতবে তারা সরাসরি পেয়ে যাবে সেমিফাইনালের টিকিট। ম্যাচ অমীমাংসিত শেষ হলে গত দুই ম্যাচে বেশি গোল করার জন্য সেমিতে চলে যাবে ইস্টবেঙ্গল। মোহনবাগানকে শেষ চারে পৌঁছতে গেলে ইস্টবেঙ্গলকে হারাতেই হবে। এরকম হাইভোল্টেজ ম্যাচে নামার ৭২ ঘন্টা আগে শহরে পৌঁছলেন মোহনবাগানের নতুন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। সোমবার সকালেই কলকাতায় পা রেখে মঙ্গলবারই পৌঁছে গেলেন ভুবনেশ্বর। শুক্রবার ডার্বিতে সম্ভবত মোহন ডাগআউটে দেখা যেতে চলেছে অভিজ্ঞ এই কোচকে।

নতুন বছরের শুরুতে কোচ জুয়ান ফেরান্দোর সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক করেছে মোহনবাগান। কোচ হিসেবে ফিরিয়ে আনা হয়েছে অ্যান্তোনিও লোপেজকে। মোহনবাগানের ফের নতুন ইনিংস শুরু করার জন্য মুখিয়ে রয়েছে হাবাসও। ডার্বির আগে কলকাতায় পৌঁছে তিনি জানিয়েছেন, “কলকাতা আমার কাছে দ্বিতীয় বাড়ি। এই শহরের ফুটবল পাগল জনতা আমার খুব প্রিয়। এই শহর থেকে অনেক সম্মান পেয়েছি সেটা ধরে রাখাই আমার কাজ। শতাব্দীপ্রাচীন এই ক্লাবে কাজ করার আবার সুযোগ পেয়েছি। কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কাছে আমি কৃতজ্ঞ। আমি যথাসাধ্য চেষ্টা করব যাতে মোহনবাগানকে ফের সেরা দল বানানো যায়। আমি চাই সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে।” পাশাপাশি তিনি আরও বলেন, “আমি দলের টেকনিক্যাল ডিরেক্টর ছিলাম। তাই আগে থেকেই এই দলের সঙ্গে আমার যোগ ছিল। দলের আরও উন্নতি করতে হবে। আমার সঙ্গে সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। সবাইকে নিয়ে একটা দল হিসেবে খেলতে নামাই প্রথম লক্ষ্য।”
ডার্বির আগে মোহনবাগানে নিজের প্রত্যাবর্তন করতে চলেছেন হাবাস। আগামী ১৯ জানুয়ারি ওড়িশায় হবে সেই ম্যাচ। ঘরের মাঠে ম্যাচ না হওয়ায় দর্শকদের চাপ কিছুটা কম থাকবে। তবু এই ম্যাচের গুরুত্ব বর্ষীয়ান কোচের কাছে অজানা নয়। তার উপর প্রথম একাদশের সাতজন ফুটবলারকে পাবেন না তিনি। ভরসা রাখতে হবে বিদেশী ও তরুণ ফুটবলারদের উপর। সব প্রতিকূলতাকে জয় করার ব্যাপারে যদিও আশাবাদী ৬৬ বছরের স্প্যানিশ ভদ্রলোক।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার