Home » ‘বিদেশি’ বলে কটাক্ষ, ডেরেকের কাছে ফোন করে ক্ষমা চাইলেন অধীর

‘বিদেশি’ বলে কটাক্ষ, ডেরেকের কাছে ফোন করে ক্ষমা চাইলেন অধীর

সময় কলকাতা ডেস্ক, ২৭ জানুয়ারিঃ রাজ্যে বিরোধী ইন্ডিয়া জোট গঠন ইস্যুতে ইতিমধ্যেই তৃণমূলের তোপের মুখে অধীর রঞ্জন চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁকেই বাংলায় জোট গঠনের পথে বাধা বলে চিহ্নিত করেছে তৃণমূল। এহেন পরিস্থিতিতে এবার তৃণমূল মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনের কাছে তাঁর সম্পর্কে আপত্তিকর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হল অধীরকে। জানা গিয়েছে, বৃহস্পতিবার ডেরেক ও ব্রায়েনকে বিদেশি বলে কটাক্ষ করেন অধীর রঞ্জন চৌধুরী। এই ঘটনার পরই ডেরেকের কাছে ফোন করে ক্ষমা চাইলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই ব্যাপারে তিনি ডেরেকের থেকে ক্ষমাও চেয়েছেন। 

আরও পড়ুন     নতুন কর্মসংস্থানের সুযোগ পাবেন, আবেগ নিয়ন্ত্রণ করতে হবে! পড়ুন রাশিফল

তিনি জানিয়েছেন, এই ব্যাপারে তিনি তৃণমূল নেতার সঙ্গে ফোনে কথাও বলেছেন। আসন্ন লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে কংগ্রেস-তৃণমূল কংগ্রেসের জোটে কাঁটা অধীর চৌধুরী। জোট প্রশ্নে অধীরের সাম্প্রতিক কিছু মন্তব্যের নিন্দা করে ডেরেক নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে দাবি করেছিলেন, পশ্চিমবঙ্গে জোট বৈঠক ভেস্তে যাওয়ার তিনটে কারণ বলতে হলে বলব অধীর চৌধুরী, অধীর চৌধুরী এবং অধীর চৌধুরী। অধীর বিজেপির স্বার্থই রক্ষা করছেন বলেও অভিযোগ করেন ডেরেক। এও বলেন, ইন্ডিয়া জোটের বিরোধী অনেক, কিন্তু মাত্র দুজন জোট ভেঙে দিতে আসরে নেমেছে। বিজেপি আর অধীর! গত দুবছরে অধীর একবারও কেন্দ্রের বাংলার প্রতি আর্থিক বঞ্চনার বিরুদ্ধে সরব হননি। সেই জবাব দিতে গিয়ে শিলিগুড়িতে তাঁকে বিদেশি বলে কটাক্ষ করেছিলেন অধীর। 

এরপরই এই মন্তব্য থেকে পিছু হঠতে হল অধীরকে। তাঁর দাবি, ভুলবশতই এই শব্দ ব্যবহার করে ফেলেছেন। ঘটনাচক্রে একসময় সনিয়া গান্ধীকে বিদেশি বলে কটাক্ষ করছেন গেরুয়া নেতারা। সেই সময় রুখে দাঁড়াতেন অধীর। প্রসঙ্গত, রাজ্যে কংগ্রেসকে দুটির বেশি আসন ছাড়তে তৃণমূলের রাজি না হওয়ার ইস্যুতে দুপক্ষের সংঘাতের সূত্রপাত। রাজ্যে বিজেপিকে রুখতে একাই একশো তৃণমূল, এই অবস্থান থেকে কংগ্রেসকে দুটির বেশি আসন ছাড়তে চায়নি তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের দলীয় নেতাদের নিয়ে বৈঠকে অধীরকে গুরুত্ব দেওয়ার দরকার নেই বলে জানিয়ে দেন। মুর্শিদাবাদে সব আসনে লড়ার প্রস্তুতি নিতে নির্দেশ দেন জেলা নেতাদের। পালটা অধীর বলেন, ‘ কেয়ার করি না। কারও দয়ায় জিতি না।’

About Post Author