Home » ICC U19 World Cup: সরফরাজের ভাইয়ের দাপুটে ব্যাটিং, বিশ্বকাপের শেষ চারের পথে ভারত

ICC U19 World Cup: সরফরাজের ভাইয়ের দাপুটে ব্যাটিং, বিশ্বকাপের শেষ চারের পথে ভারত

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩১ জানুয়ারি: মুম্বইয়ের খান পরিবারে এখন উৎসবের রেশ। একদিন আগেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন বাড়ির বড় ছেলে সরফরাজ। আর মঙ্গলবার সেই উৎসবে আরও কিছুটা রোশনাই যুক্ত করলেন ভারত মেজ ছেলে মুশির। সরফরাজের ভাইয়ের দাপুটে ব্যাটিংয়ে চলতি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শেষ চারের পথে ভারত। মঙ্গলবার তার শতরানে ভর করে নিউজিল্যান্ডকে ২১৪ রানে হারাল ভারত।

দাদার আক্ষেপ ছিল। যা পূরণ করলেন ভাই। এমনই বিরল কৃতিত্বের সাক্ষী থাকল এবারের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। ২০১৪ ও ২০১৬ সালে ছোটদের বিশ্বকাপে দেশের জার্সি গায়ে খেলেছিলেন সরফরাজ খান। দুটি প্রতিযোগিতা মিলিয়ে ছটি অর্ধশত রান এসেছিল মুম্বইয়ের এই ব্যাটসম্যানের ব্যাট থেকে। আক্ষেপ ছিল শতরান না পাওয়ার। যা পূরণ করলেন সরফরাজের ভাই মুশির। চলতি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে টানা দ্বিতীয় শতরান পেলেন তিনি। মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুপার সিক্সের ম্যাচে মুখোমুখি হয় ভারত ও নিউজিল্যান্ড। সেই ম্যাচে ১২৬ বলে ১৩১ রানের অনবদ্য ইনিংস উপহার দিলেন মুশির। তাঁর ব্যাট থেকে এল ১৩ টি চার ও ৩ টি ছয়। তিনি ছাড়া ভারতের হয়ে উল্লেখযোগ্য রান করেন ওপেনার আদর্শ সিং। ৫৮ বলে ৫২ রানের ইনিংসে মোট ৬ টি চার মারেন আদর্শ। অধিনায়ক উদয় করেন ৫৭ বলে ৩৪ রান। মূলত এই তিন ব্যাটসম্যানের সৌজন্যে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৯৫ রান তোলে ভারত। ব্ল্যাকক্যাপদের মধ্যে সফলতম বোলার ম্যাসন ক্লার্ক। ৬২ রান খরচ করে নিলেন ৪ উইকেট।

আরও পড়ুন: MOHUN BAGAN: তারকা বিদেশীকে ছেড়েই দিচ্ছে মোহনবাগান

জবাবে ব্যাট করতে নেমে তাসের ঘরের মত ভেঙে পড়ে কিউয়িদের ব্যাটিং অর্ডার। তাদের হয়ে সর্বোচ্চ রান ১৯। অধিনায়ক অস্কার জ্যাকসনের ব্যাট থেকে আসে এই রান। তিনি ছাড়া নিউজিল্যান্ডের হয়ে দুই অঙ্কের রান করেছেন মাত্র তিনজন। জ্যাক কামিং ১৬ রান, অ্যালেক্স থম্পসন ১২ রান ও জেমস নেলসন ১০ রান করেন। বাকিরা কেউ দু’অঙ্কের রান করতে পারলেন না। একটা সময় ৩৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে ব্ল্যাক ক্যাপরা। এই তিন ব্যাটসম্যানের সৌজন্যে ৮১ রান পর্যন্ত গড়ায় তাদের ইনিংস। ভারতের হয়ে এদিনও বল হাতে নজর কেড়েছেন সৌমি পান্ডে। ১৯ রান খরচ করে একাই ৪ টি উইকেট তুলে নেন ভারতের এই উদীয়মান বোলার। ব্যাট হাতে শতরান করার পর বল হাতে ২ উইকেট পেয়েছেন মুশির। ২ উইকেট পেয়েছেন রাজ লিম্বানিও। ১ টি করে উইকেট গিয়েছে নমন তিওয়ারি এবং অর্শিন কুলকার্নির ঝুলিতে। সুপার সিক্সের পরের ম্যাচে ভারতের প্রতিপক্ষ নেপাল। আগামী শুক্রবার মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে জিতলে সেমিফাইনালের আরও কাছে চলে যাবেন উদয়রা।

About Post Author