সময় কলকাতা ডেস্ক, ২ ফেব্রুয়ারিঃ জমি কেলেঙ্কারি মামলায় গত বুধবার প্রায় সাত ঘণ্টা ইডির ম্যারাথন জেরার পরে অবশেষে গ্রেফতার হন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)। গ্রেফতারির আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফাও দেন তিনি। তাঁর অবর্তমানে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়ক দলের নেতা চম্পাই সোরেন। শুক্রবার ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চম্পাই সোরেন। রাঁচির রাজভবনের দরবার ভবনে শুক্রবার ১২.১৫ মিনিট নাগাদ এই শপথগ্রহণ অনুষ্ঠান হয়। বিহারের পর এই রাজ্যেও এনডিএ ক্ষমতা দখল করবে কিনা, এই নিয়ে বুধবার রাত থেকেই জল্পনা চলছিল। তবে, সরকার গঠনের দাবি জানানোর পরও মুখ্যমন্ত্রী হিসাবে চম্পাই সোরেনকে নিয়োগে বেশ কিছুটা দেরি করেন রাজ্যপাল। রাজ্যপাল চম্পাইকে শপথ গ্রহণের দিনক্ষণ না জানানোয় তড়িঘড়ি জোটের চার বিধায়কের হায়দ্রাবাদে যাওয়ার পরিকল্পনা হয়। কিন্তু প্রবল কুয়াশার জেরে উড়ান বাতিল করা হয়।

এরপর বৃহস্পতিবার রাতে চম্পাই সোরেনকে সরকার গঠনের আহ্বান জানান রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণাণ। শুক্রবার অর্থাৎ আজই চম্পাই ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। যদিও রাজনৈতিক মহলের আশঙ্কা, চম্পাই শুক্রবার শপথ নেওয়ার পরেও গেরুয়া শিবির ঘোড়া কেনাবেচার চেষ্টা চালিয়ে যাবে। সেক্ষেত্রে বিধানসভায় আস্থাভোটে চম্পাইকে পরাস্ত করে বিজেপি সরকার গঠনের দিকে যেতে পারে। উল্লেখ্য, জমি কেলেঙ্কারি মামলায় বুধবার প্রায় সাত ঘণ্টা ইডির ম্যারাথন জেরার পরে অবশেষে গ্রেফতার হন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)। যদিও ইডির এই গ্রেফতারির বিরোধিতা করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন হেমন্ত সোরেন। জানা গিয়েছে, গ্রেফতারির বিরুদ্ধে তাঁর দায়ের করা এই মামলার শুনানি হবে আজ।
আরও পড়ুন ফেব্রুয়ারির শুরুতেই শীতের পথে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা
প্রসঙ্গত, জমি কেলেঙ্কারি মামলায় দিল্লি পুলিশ ও ইডি দফতরের আধিকারিকরা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের খোঁজ পেতে মরিয়া হয়ে ওঠে। সোমবার হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে চলে ইডির ম্যারাথন তল্লাশি। কেননা প্রায় দু দিন হয়ে গেলেও খোঁজ পাওয়া যাচ্ছিল না ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। এদিন সাত সকালেই বাইরে থেকে ঘিরে ফেলা হয় গোটা বাড়ি। সোমবার দিনভর দিল্লির বাসভবন অভিযান চালিয়েও তাঁর নাগাল পায়নি কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। তারপরই হেমন্তের বিলাসবহুল BMW গাড়িটি বাজেয়াপ্ত করে ইডি। সেই সঙ্গে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর খোঁজে দিল্লি বিমানবন্দরে সতর্কতা জারি করে। এরপরেই হদিশ মেলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর। সোমবার নিখোঁজ থাকার পর রাঁচির বাড়িতে ফিরেই দলের মন্ত্রী, বিধায়ক ও দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। পরবর্তীতে জানান, তিনি ইডি-র মুখোমুখি হতে প্রস্তুত।


More Stories
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর