সময় কলকাতা ডেস্ক, ২ ফেব্রুয়ারিঃ আবগারি দুর্নীতি মামলায় ফের ইডির তলব এড়িয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এই নিয়ে পঞ্চমবার ইডির তলব এড়ালেন তিনি। দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার তলব করা হয়েছিল তাঁকে। এদিকে, ইডির সমন এড়ানোর পরই দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারির সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, কেজরিওয়ালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আদালতের দ্বারস্থ হতে পারে ইডি।
আরও পড়ুন ফেব্রুয়ারির শুরুতেই শীতের পথে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা
এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তলব করেছিল ইডি। বিগত চার মাস ধরে দিল্লির মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার জন্য সমন পাঠাচ্ছে ইডি, কিন্তু প্রতিবারই সমন এড়িয়েছেন তিনি। এর আগে ১২ নভেম্বর ও ২১ ডিসেম্বরও সমন পাঠানো হয়েছিল আপ সুপ্রিমোকে। স্বভাবসিদ্ধভাবে ওই দুই দিনও তিনি হাজিরা দেননি। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় নতুন বছরের ৩ জানুয়ারি ও ১৮ জানুয়ারিও হাজিরার জন্য সমন পাঠায় ইডি, সেটিও এড়িয়ে যান কেজরিওয়াল। আম আদমি পার্টির তরফে জানানো হয়েছে, ইডির তরফে যে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে যে সমন পাঠানো হয়েছে, তা বেআইনি। তদন্তে সহযোগিতা করতে রাজি কেজরিওয়াল, কিন্তু রাজনৈতিক স্বার্থে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে তাঁকে।
প্রসঙ্গত, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টির একের পর এক নেতা-মন্ত্রী গ্রেফতার হয়েছেন। এরপরই এই ইস্যুতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও নোটিস পাঠিয়ে তলব করেছিল ইডি। আবগারি দুর্নীতি মামলায় এর আগে দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং-কে গ্রেফতার করেছে ইডি। আপ সাংসদ সঞ্জয় সিং-কে জেরা করে ইতিমধ্যেই নতুন কিছু তথ্য পেয়েছে ইডি। গত ৪ অক্টোবর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার বাসভবনে তল্লাশির পর তাঁকে গ্রেফতার করেছিল। দিল্লির মুখ্যমন্ত্রীকে এই নতুন তথ্যগুলির ভিত্তিতে প্রশ্ন করা হবে। বেশ কিছু বিষয়ের স্পষ্টতা চাওয়া হবে। এর আগে গত ১৬ এপ্রিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এই মামলায় নয় ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করেছিল সিবিআই। এরপরই ইডির তলবের মুখে পড়ে দিল্লির মুখ্যমন্ত্রী। এদিকে, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় কিছুদিন আগেই উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। আগামী ছয় থেকে আট মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে ফেলার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতার করল ইডি
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক