Home » ঝোল কিংবা কারি নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ডিমের লাবাবদার

ঝোল কিংবা কারি নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ডিমের লাবাবদার

সময় কলকাতা ডেস্ক, ৫ ফেব্রুয়ারিঃ সবসময় ডিমের একই রকম ঝোল বা কষা খেতে কারোরই ভাল লাগে না। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই ডিম রান্নায় একটু অন্যরকম স্বাদ পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন ডিমের লাবাবদার। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন ডিমের লাবাবদার। বিশেষ করে পরোটা বা নানের সঙ্গে একবার এই এগ লাবাবদার খেলে আর ভুলতে পারবেন না। এতে পেট আর মন দুটোই খুশি। ডিমের লাবাবদার বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। ডিমের লাবাবদার বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-


উপকরণ:
ডিম- ৫টি
মাখন- ১০০ গ্রাম
সর্ষের তেল- এক কাপ
জিরে গুঁড়ো- ১ চা চামচ
পেঁয়াজ বাটা- দেড় কাপ
গোটা জিরে- ১ চা চামচ
কস্তুরি মেথি- ২ টেবিল চামচ
লঙ্কা গুঁড়ো- ৩ চা চামচ
টম্যাটো বাটা- আধ কাপ
গরম মশলা গুঁড়ো- ১ চা চামচ
মালাই- ১০০ গ্রাম
নুন- স্বাদ মত
চিনি- এক চিমটে


রন্ধন পদ্ধতি
প্রথমেই ডিম সেদ্ধ করে হালকা ভেজে তুলে রাখুন। এরপর কড়াইতে অর্ধেক সর্ষের তেল এবং অর্ধেক মাখন গরম করে নিন। তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর টম্যাটো বাটা দিয়ে দিন। ৭ মিনিট মতো নেড়েচেড়ে একে একে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকুন। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত অল্প আঁচে ঢাকা দিয়ে রান্না করুন। এরপর ডিম গুলো ছেড়ে দিন। মিনিট পাঁচেক পর উপর থেকে মালাই ছড়িয়ে দিন। নামানোর আগে কস্তুরি মেথি উপর থেকে ছড়িয়ে দিন। ভাত,পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন ডিমের লাবাবদার।

About Post Author