Home » ভোটযুদ্ধ ২০২৪ :বনগাঁ লোকসভা কেন্দ্র: বিজেপির স্লোগান ২লক্ষ ২২হাজার

ভোটযুদ্ধ ২০২৪ :বনগাঁ লোকসভা কেন্দ্র: বিজেপির স্লোগান ২লক্ষ ২২হাজার

সময় কলকাতা ডেস্ক, ৩ মার্চ : দিনক্ষণ ঘোষণা না হতে পারে, লোকসভা ভোটের দামামা কিন্তু বেজেই গিয়েছে।দেশে আরও ১৯৪ টি কেন্দ্রের পাশাপাশি বিজেপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে  বনগাঁ কেন্দ্রে। ইতিমধ্যেই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি শিবিরে দেওয়াল লেখার প্রস্তুতির পাশাপাশি স্লোগান উঠেছে, জয় -পরাজয়ের ব্যবধান হবে দু লাখ বাইশ হাজারের । কেন এরকম স্লোগান? কেন ২ লক্ষ ২২ হাজার ?

লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই বিজেপি শনিবার ১৯৫ টি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য নাম শান্তনু ঠাকুরের। কেন্দ্রীয় মন্ত্রী ও মতুয়া সংঘাধিপতি শান্তনু ঠাকুর  যথারীতি মতুয়া অধ্যুষিত  বনগাঁ লোকসভা কেন্দ্রে দাঁড়াচ্ছেন। শনিবার তাঁর নাম প্রার্থী হিসেবে ঘোষিত হতেই বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে  উদ্দীপনা ও খুশির ছোঁয়া।

উত্তর ২৪ পরগণার বনগাঁ লোকসভায় দ্বিতীয় বারের জন্য প্রার্থী হয়েছেন শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুরের নাম ঘোষণা হতেই উচ্ছ্বসিত হয়ে ওঠে বনগাঁর গেরুয়া শিবির। বনগাঁ বাটার মোড়ে আবির খেলে পথ চলতি মানুষের মধ্যে লাড্ডু বিলি করেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল ও জেলা সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত দাস। সঙ্গে ছিলেন বিজেপি কর্মীরা।পাশাপাশি বাগদার হেলেঞ্চাতে পটকা ফাটিয়ে, কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করে উচ্ছ্বসিত বিজেপি কর্মী সমর্থকরা।শান্তনু ঠাকুর ২ লক্ষ ২২ হাজার ভোটে জয়ী হবে বলে জানালেন বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মন্ডল । কেন এই বার্তা?

দেবদাস মন্ডলের ফলাফলের আগাম পূর্বাভাস কথার কথা নয় এবং তাঁর বক্তব্য তাঁর ব্যক্তিগত হতে পারে না। একে দলীয় মতামত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ২০১৯ সালের ভোটের ফলাফলের দিকে তাকালে বোঝা যাবে কেন বিজেপি নেতৃত্ব ২ লক্ষ ২২ হাজার ভোটে জেতার কথা বলছেন।

ভোটের ফলাফলের পরিসংখ্যানের দিক থেকে  বিশ্লেষণের  আগে মনে রাখতে হবে বনগাঁ কেন্দ্রের সমীকরণ সম্পূর্ণভাবে মতুয়া সম্প্রদায়ের ভোটের ওপরে দাঁড়িয়ে রয়েছে। মতুয়া সম্প্রদায়ের প্রাণকেন্দ্র ঠাকুরনগরের ঠাকুরবাড়ির বড়মা বিনাপানী ঠাকুরের  বড় ছেলে কপিল কৃষ্ণ ঠাকুর  ২০১৪ সালে তৃণমূলের হয়ে সাংসদ হয়েছিলেন।কপিল কৃষ্ণ ঠাকুরের প্রয়াণের পরে ২০১৫ সালের বনগাঁ লোকসভা উপনির্বাচনে তাঁর স্ত্রী মমতা ঠাকুর তৃণমূলের হয়ে ২ লক্ষ ১১ হাজার ভোটে জয়ী হয়েছিলেন । সেবার তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সিপিএমের দেবেশ দাস। কপিল কৃষ্ণ ঠাকুরের  ভাই মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের পুত্র ও বিজেপির প্রার্থী সুব্রত ঠাকুর ছিলেন তৃতীয় স্থানে। ২০১৯ সালে মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের অপর পুত্র শান্তনু ঠাকুর বিজেপির হয়ে দাঁড়িয়ে তৃণমূলের মমতা ঠাকুরকে ১ লক্ষ ১১ হাজার ভোটে হারিয়ে বনগাঁ আসন  বিজেপির হাতে তুলে তুলে দিয়েছিলেন।

এবার লোকসভা নির্বাচনে জয়কে প্রধানত পাখির চোখ করলেও ভোটের ব্যবধান বাড়ানোর লক্ষ্য ও রয়েছে  গৈরিক শিবিরের। তৃণমূল এখনও প্রার্থী ঘোষণা করেনি। মমতা ঠাকুর নাকী অন্য কেউ। মমতা ঠাকুর গতবার হারলেও ঠাকুর পরিবারের  বাইরের কাউকে টিকিট দেওয়াও যে বিলক্ষণ ঝুঁকি তা জানে তৃণমূল নেতৃত্ব।তৃণমূল প্রার্থী যাকেই করা হোক এবং যাই হোকনা কেন, বনগাঁ কেন্দ্রে  লড়াই মূলত দ্বিমুখী। বিজেপি এবং তৃণমূল এখানে সম্মুখ সমরে। ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও, রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত যে, বিজেপি বনগাঁ কেন্দ্রে  তৃণমূলের চেয়ে  বেশ কয়েক কদম এগিয়ে রয়েছে । ভোট বিশ্লেষকদের মতে, এখনও ভোটের দেরি থাকতে পারে তবুও বড় অঘটন না ঘটলে  বনগাঁ লোকসভা কেন্দ্র আবার দখল করতে চলেছে বিজেপি। বিজেপি শিবির অবশ্য  শুধু জয় নয়, ভোটের মার্জিন ও বাড়াতে চায়। বিগত লোকসভা নির্বাচনে বিজেপি ৪৮. ৮৫  শতাংশ ভোট পেয়েছিল।  তৃণমূলে ভোট পড়েছিল ৪০.৯২ শতাংশ। ২০২৪ সালের ভোটযুদ্ধে নিজেদের ভোট বাড়িয়ে বিগত লোকসভা নির্বাচনের এক লাখ  এগারো হাজার ব্যবধানকে দ্বিগুণ করে নেওয়াই বিজেপির লক্ষ্য। আর সেজন্যই বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপি স্লোগান- “ব্যবধান হবে ২লক্ষ ২২ হাজার “।

#লোকসভাভোট#লোকসভানির্বাচন২০২৪

আরও পড়ুন বারাণসী কেন্দ্রে আবার মোদী, বঙ্গের ২০ আসন সহ ১৯৫ টি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

About Post Author