Home » UEFA Champions League: ড্র করেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ

UEFA Champions League: ড্র করেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ মার্চ: প্রত্যাশা মতোই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। তবে শেষ ষোলোর ফিরতি পর্বের ম্যাচে জয় পেল না কার্লো আন্সেলোত্তির ছেলেরা। বুধবার স্যান্টিয়াগো বের্নাব্যুতে আরবি লাইপজিগের সঙ্গে ম্যাচ শেষ করল ১-১ গোলে। তবে প্রথম লেগে জয়ের সুবাদে শেষ আটে পৌঁছতে সমস্যা হয়নি রিয়ালের।

আরও পড়ুন  আলিপুরদুয়ার : ছলনাকারীকে আশীর্বাদ নয়, ক্ষমতা থাকলে জিতে দেখাক, মনোজ টিজ্ঞার উপরে খড়্গহস্ত জন বারলা

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সফলতম দল রিয়াল মাদ্রিদ। রেকর্ড ১৪ বার ইউরোপ সেরার খেতাব জিতেছে তারা। এই মরশুমে সংখ্যাটা ১৫ করার দিকে এক ধাপ এগোল স্পেনের ক্লাবটি। প্রথম পর্বের ম্যাচে ১-০ গোলে এগিয়ে ছিল রিয়াল। ফলে বুধবার আন্সেলোত্তির ছেলেদের কাছে প্রাথমিক লক্ষ্য ছিল না হেরে মাঠ ছাড়া। ম্যাচের আগে বেলিংহামদের সতর্ক করে দিয়েছিলেন কোচ আন্সেলোত্তি। একাদশ বাছাইয়ের ক্ষেত্রেও বেশ সতর্ক মনে হয়েছে বর্ষীয়ান কোচকে। এ দিন আক্রমণে শুধু ভিনিসিয়াস জুনিয়রকে রেখে শুরু করেন তিনি। ফলে প্রথমার্ধে দাপুটে মেজাজে দেখা যায়নি রিয়ালকে।

অন্যদিকে ম্যাচ জেতার জন্য সর্বশক্তি প্রয়োগ করে জার্মানির ক্লাবটি। তাদের হয়ে নজরকাড়া ফুটবল খেলেন বার্সেলোনা অ্যাকাডেমির প্রাক্তন ফুটবলার জাভি সিমনস। বেলিংহাম, ক্যামাভিঙ্গা, চুয়ামেনিদের মতো তারকা মিডফিল্ডারদের রীতিমত কঠিন প্রতিদ্বন্দ্বিতায় ফেলে দেন ২০ বছরের প্রতিভাবান ডাচ মিডফিল্ডার। দুই দলের ফুটবলারদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় প্রথামার্ধে। তবে কোনও দল কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে খেলায় ছন্দ ফেরে স্পেনের ক্লাবটির। বিপক্ষের বক্সের সামনে গোলের খাতা খোলার জন্য ছটফট করছিলেন ভিনি। দলের হয়ে প্রথম গোলটি তিনিই করেন। ৬৫ মিনিটে বেলিংহামের অনবদ্য পাস থেকে বল জালে জড়িয়ে দেন ব্রাজিলের তারকা। তবে সেই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তার দল। ৬৮ মিনিটের মাথায় জার্মানির দলের হয়ে খেলায় সমতা ফেরান উইলি ওরবান। প্রথম গোলের পর স্বাগতিকদের উপর আক্রমণের চাপ বাড়ায় লাইপজিগের ফুটবলাররা। ড্যানি ওলমোর একটা শট ক্রসবারে লাগে। তবে ভাগ্যদেবী রিয়ালের পক্ষে থাকায় গোল হজম করতে হয়নি।

About Post Author