Home » JNUSU Election: জেএনইউতে লাল দূর্গ অক্ষত, ছাত্র সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় বাম ছাত্র সংগঠনের

JNUSU Election: জেএনইউতে লাল দূর্গ অক্ষত, ছাত্র সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় বাম ছাত্র সংগঠনের

সময় কলকাতা ডেস্ক, ২৫ মার্চ: আসন্ন লোকসভা নির্বাচনের মুখে কিছুটা অক্সিজেন বামপন্থী শিবিরে। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় বাম জোটের। ছাত্র সংসদের প্রধান চারটি পদের চারটিতেই জয়ী হয়েছে জোট প্রার্থীরা। যদিও রবিবার ব্যালট বাক্স খোলার পর বাম প্রার্থীদের থেকে এগিয়ে যায় প্রধান প্রতিপক্ষ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রার্থীরা। কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে গণনা টেবিলে প্রত্যাবর্তন করে বাম ছাত্র সংগঠনগুলি। শেষ পর্যন্ত নিজেদের দূর্গ অক্ষত রাখতে সক্ষম হয় লাল শিবির। নির্বাচনের শেষে লাল আবির খেলে আনন্দে মাতেন বামপন্থী ছাত্র-ছাত্রীরা।

কোভিড অতিমারির কারণে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে গত চার বছর ছাত্র সংসদ নির্বাচন হয়নি। দ্রুত ছাত্র সংসদ নির্বাচন করার দাবি তুলেছিল বাম ছাত্র সংগঠনগুলি। অবশেষে গত শুক্রবার ছাত্র সংসদের নির্বাচন হয় দিল্লির এই বিশ্ববিদ্যালয়ে। রবিবার ছিল ভোট গণনা। সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক প্রধানত এই চারটি পদে হয় ভোটগ্রহণ। সকালে ভোট বাক্স খোলার পর প্রাথমিকভাবে চারটি পদেই এগিয়ে গিয়েছিল এবিভিপি প্রার্থীরা। তবে সময় যত গড়িয়েছে ততই লাল শিবিরের হাসি আরও চওড়া হয়েছে। দিনের শেষে দেখা গিয়েছে চারটি পদেই জয়ী হয়েছেন বাম প্রার্থীরা। 

সভাপতি পদে বাম ছাত্র মোর্চার প্রার্থী ধনঞ্জয় পেয়েছেন ২৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিভিপির প্রার্থী উমেশ চন্দ্র আজমিরা পেয়েছেন ১৬৭৬ ভোট। এই আসনে ৯২২ ভোটে জয়ী হয়েছেন ধনঞ্জয়। সহ-সভাপতি পদে লড়াই ছিল বাংলার অভিজিৎ ঘোষের সঙ্গে এবিভিপির দীপিকা শর্মার। বাম ছাত্র মোর্চার প্রার্থী অভিজিৎ ২৪০৯ ভোট পান। অন্যদিকে দীপিকার প্রাপ্ত ভোট ১৪৮২। বাংলার ছেলে অভিজিৎ জিতেছেন ৯২৭ ভোটে। সাধারণ সম্পাদক পদের ভোটে বাম সমর্থিত প্রার্থী প্রিয়ংশী আর্য পেয়েছেন ২৮৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিভিপির অর্জুন আনন্দ পেয়েছেন ১৯৬১ ভোট। প্রিয়ংশী ৯২৬ ভোটে জয়ী হয়েছেন। এই তিনটি আসনে বাম প্রার্থীরা অনেকটা এগিয়ে থাকলেও হাড্ডাহাড্ডি লড়াই হয় যুগ্ম সম্পাদক পদে র জন্য। যেখানে বাম সমর্থিত প্রার্থী মহম্মদ সাজিদের কাছে ৫০৮ ভোটে পরাজিত হয়েছেন এবিভিপির প্রার্থী গোবিন্দ ডাঙ্গি। সাজিদ পেয়েছেন ২৫৭৪ ভোট। এবিভিপির প্রার্থী পেয়েছেন ২০৬৬ ভোট।

আরও পড়ুন: BJP Candidate List: ‘জাস্টিস’, ‘রাজমাতা’ ও ‘ডক্টর’, বিজেপির প্রার্থী তালিকায় মারাত্মক তিন ভুল? কটাক্ষ তৃণমূল কংগ্রেসের

দিল্লির এই বিশ্ববিদ্যালয়ে গত ছাত্র সংসদে নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছিলেন বাংলার ঐশী ঘোষ। এবার সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন আর এক বাংলার ছেলে অভিজিৎ ঘোষ। তিনি শিলিগুড়ির বাসিন্দা। ২০২০ সালে স্নাতকোত্তর করার জন্য জেএনইউতে ভর্তি হন। বর্তমানে সেখানে গবেষনা করছেন অভিজিৎ। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাজধানীর এই বিশ্ববিদ্যালয়ে দাপট রয়েছে বামেদের। এবারও নিজেদের দূর্গ অটুট রাখল লাল শিবির।

About Post Author