সময় কলকাতা ডেস্ক, ৩১ মার্চ: দেশের সর্বোচ্চ অসামরিক নাগরিক সম্মান ভারতরত্নে ভূষিত করা হল বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবাণীকে। রবিবার দিল্লিতে তাঁর বাসভবনে গিয়ে দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রীর হাতে সম্মান তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইড়ু, সামরিক ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ অন্যান্যরা। শনিবার রাষ্ট্রপতি ভবনে ভারতরত্ন সম্মান প্রদান করা হয়। তবে বয়সজনিত কারণে উপস্থিত থাকতে পারেননি আদবাণী।

লালকৃষ্ণ আদবাণীর হাতে ভারতরত্ন সম্মান তুলে দেওয়ার ছবি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অফিসিয়াল সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে। রাষ্টপতির এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, “ভারতীয় রাজনীতির একজন চূড়ামণি হলেন শ্রী লালকৃষ্ণ আদবাণী। গত সাত দশকেরও বেশি সময় ধরে অটুট নিষ্ঠা ও স্বাতন্ত্র্যের সঙ্গে তিনি দেশের সেবা করেছেন। ১৯২৭ সালে করাচিতে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশভাগের পটভূমিতে ভারতে চলে আসেন। তাঁর সাংস্কৃতিক জাতীয়তাবাদের দৃষ্টিভঙ্গি নিয়ে, তিনি কয়েক দশক ধরে কঠোর পরিশ্রম করেছেন। দেশের বিভিন্ন প্রান্তের আর্থ-সামাজিক-রাজনৈতিক পরিসরে আমূল পরিবর্তন এনেছেন। যখন জরুরি অবস্থা ভারতের গণতন্ত্রকে ঝুঁকির মধ্যে ফেলেছিল। তখন তার মধ্যে থাকা নিরলস প্রতিবাদী সত্ত্বা দেশকে কর্তৃত্ববাদী প্রবণতার বিরুদ্ধে রক্ষা করতে সাহায্য করেছিল।”
President Droupadi Murmu presented Bharat Ratna to Shri L. K. Advani at his residence. The formal ceremony was attended by Vice President Shri Jagdeep Dhankhar, Prime Minister Shri Narendra Modi, Defence Minister Shri Rajnath Singh, Home Minister Shri Amit Shah and the family… pic.twitter.com/flAH4OqaP1
— President of India (@rashtrapatibhvn) March 31, 2024
গত তিন দশক আগে দেশে রামমন্দির আন্দোলন সংগঠিত করে সংঘ পরিবার। তার পুরধা ছিলেন লালকৃষ্ণ আদবাণী। গুজরাটের সোমনাথ মন্দির থেকে রথযাত্রা করে অযোধ্যার অভিমুখে রওনা দিয়েছিলেন তিনি। তখন তাঁর ছায়াসঙ্গী ছিলেন নরেন্দ্র মোদি। উত্তর ভারতের হিন্দি বলয়ে আদবাণীর এই রথযাত্রায় ভর করে শক্তিশালী হয়েছিল বিজেপি। তিনি মোট তিন দফায় বিজেপির সর্বভারতীয় সভাপতিও হয়েছিলেন। অটল বিহারী বাজপেয়ীর আমলে দেশের উপপ্রধানমন্ত্রীর পদও সামলিয়েছেন। ১৯৯৮ সাল থেকে ২০০৩ পর্যন্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পদেও ছিলেন লালকৃষ্ণ আদবাণী। এই মুহূর্তে দেশের জীবিত বর্ষীয়ান রাজনীতিবিদদের মধ্যে তিনি অন্যতম। যে রামমন্দির নিয়ে তিনি আন্দোলন করেছিলেন। চলতি বছরেই তার প্রাণ প্রতিষ্ঠা হয়। আর এই বছরেই তাঁকে ভারতরত্ন সম্মানে ভূষিত করল ভারত সরকার।


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের