Home » বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রে, ঝলসে মৃত্যু ২ শিশু-সহ একই পরিবারের ৭ জনের

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রে, ঝলসে মৃত্যু ২ শিশু-সহ একই পরিবারের ৭ জনের

সময় কলকাতা ডেস্ক, ৩ এপ্রিলঃ বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রে (Maharashtra)। বুধবার ভোর চারটে নাগাদ ছত্রপতি শম্ভজি নগরের এক দর্জির দোকানে ভয়াবহ আগুন লাগে। গোটা এলাকা কালো ধোয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে এসেছিল দমকলের ছ’টি ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নিভাতে হয় বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের ৭ জনের। মৃতদের মধ্যে দুটি শিশু ও তিনজন মহিলা ছিল বলেই জানা গিয়েছে। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও দমকলের আধিকারিকরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন  Mahua Maitra: বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়ার বিরুদ্ধে মামলা দায়ের করল ইডি

জানা গিয়েছে, মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজি নগরে আলম টেলার্স শপ নামের এক দোকানে বুধবার ভোরবেলা আগুন লাগে। এই ঘতনা প্রকাশ্যে আসতেই গোটা এলাকাজুড়ে শোরগোল পড়ে যায়। স্থানীয়দের তরফে খবর পৌঁছয় পুলিশ এবং দমকলে। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন দমকল আধিকারিকরা। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু, দোকানের উপরের তলায় থাকতেন বাড়ির বাসিন্দারা। সূত্র মারফত জানা গিয়েছে, আগুন উপরের তলা পর্যন্ত না পৌঁছলেও ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয় সেখানে থাকা ৭ জনের। যদিও এদিন আগুন কী করে লাগল তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই দেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


এই ঘটনা প্রসঙ্গে পুলিশ কমিশনার মনোজ লোহিয়া জানিয়েছেন, ভোরে আলম টেলর শপ নামক একটি দর্জির দোকানে আগুন লাগে। সেখান থেকেই গোটা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির দোতলায় থাকত ওই পরিবার। ঘরের দরজা খুলতেই দেখেন, সিড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে। আগুনের লেলিহান শিখা উঠে আসছে উপরেও। নিচে নামতে না পেরেই তারা আটকে পড়েন। বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে সাতজনের মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

About Post Author