Home » ভোট শুরুর আগেই কোচবিহারে কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মৃত্যু

ভোট শুরুর আগেই কোচবিহারে কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মৃত্যু

সময় কলকাতা ডেস্ক, ১৯ এপ্রিলঃ ভোট শুরুর আগেই কোচবিহারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মৃত্যু। মৃত ওই জওয়ানের নাম নীলেশ কুমার নীলু। বিহার থেকে কোচবিহারের মাথাভাঙার বেলতলা এলাকায় একটি স্কুলে ভোটের ডিউটিতে এসেছিলেন ওই জওয়ান। কর্তব্যরত অবস্থাতেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই ওই জওয়ানের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন  Lok Sabha Election 2024: ভোটের শুরুতেই উত্তপ্ত কোচবিহার, পিসরুম থেকে নজরদারি রাজ্যপালের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে নীলেশ কুমার নীলুকে অসুস্থ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন তাঁর সহকর্মীরা। তাঁর মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। এহেন পরিস্থিতিতে তাঁকে দ্রুত উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মৃত্যু ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট নয়।

এদিকে নির্ধারিত সময়ে শুরু হয়ে গিয়েছে কোচবিহার লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ। কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা এলাকাতেই চলছে ভোটগ্রহণ। এই লোকসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১৯ লাখ ৬৬ হাজার ৮৯৩, তাঁদের মধ্যে মহিলা ভোটার রয়েছেন ৯ লাখ ও পুরুষ ভোটারের সংখ্যা ১০ লাখ। এছাড়াও রয়েছেন ৩৩ জন তৃতীয় লিঙ্গের ভোটারও। ভোটের আবহে একের পর এক অশান্তির খবরও পাওয়া গিয়েছে কোচবিহার থেকে। এদিন সকাল থেকেই উত্তপ্ত শীতলকুচি। অভিযোগ, বাড়ি-বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দিচ্ছে তৃণমূল। ২৮৬ নম্বর বুথে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। আবার পালটা তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। এদিকে, কোচবিহারের চান্দামারিতে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

#LokSabhaElection2024

#Latestbengalinews

#লোকসভানির্বাচন

About Post Author