Home » Serie A : মিলান ডার্বি জিতে, পাঁচ ম্যাচ হাতে রেখেই সিরি-এ চ্যাম্পিয়ন ইন্টার মিলান

Serie A : মিলান ডার্বি জিতে, পাঁচ ম্যাচ হাতে রেখেই সিরি-এ চ্যাম্পিয়ন ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ এপ্রিল: একেই বলে এক ঢিলে দু পাখি মারা। ইতালির ফুটবল লিগ বা সিরি-এতে চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে মিলান ডার্বি জয়। আর এই জয়ের সঙ্গে পাঁচ ম্যাচ বাকি থাকতে লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল ইন্টার মিলান। সোমবার স্যান সিরো স্টেডিয়ামে এসি মিলানকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে সিমোনে ইনজাঘির দল। এই নিয়ে মোট ২০ বার ইতালি সেরার খেতাব উঠল ইন্টার। ইতালির লিগের নিয়ম অনুযায়ী কোনও দল দশবার লিগ জিতলে তাদের জার্সিতে বসে একটি তারা। মোট ২০ বার লিগ জেতায় এবার থেকে মিলানের এই ঐতিহ্যশালী দলের জার্সিতে উঠতে চলেছে দুটি তারা।

এই ম্যাচ জিতলে ইন্টার মিলানের লিগ জয় নিশ্চিত ছিল। চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে সেই জয়ের স্বাদ পেতে মরিয়া ছিলেন লাউটারো মার্টিনেজরা। ম্যাচ শুরুর বাঁশি বাজার পর থেকেই দাপট দেখাতে থাকে নীল কালো জার্সিধারীরা। বিপক্ষের বক্সে একের পর এক আক্রমণ করতে থাকেন তারা। সেই আক্রমণকে পূর্ণতা দেন ডিফেন্ডার ফ্রান্সেস্কো এসের্বি। গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন তিনি। সেই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইন্টার। একগোলের ব্যবধান ফুটবলে নিরাপদ নয়। তাই দ্বিতীয়ার্ধের শুরু থেকে দ্বিতীয় গোল পেতে মরিয়া চেষ্টা চালাতে থাকেন ইন্টার ফুটবলাররা। কাজও হয়। ৪৯ মিনিটে প্রায় দলের ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি তারকা মার্কোস থুরাম। বিপক্ষের দুজন ডিফেন্ডারকে একক দক্ষতায় পরাস্ত করে গোল করেন তিনি। দুটি গোল হজম করেও দমে যায়নি এসি মিলান। তারাও বারবার আক্রমণ শানাতে থাকে ইন্টারের বক্সে। ৮০ মিনিটের মাথায় তাদের হয়ে একটি গোল শোধ করেন ফিকায়ো তোমোরি। ম্যাচ যতই শেষের দিকে গড়াতে থাকে তত বাড়তে থাকে উত্তাপ। মিলান ডার্বির যা পরিচিত ছবি। শেষের দশ মিনিটে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। বারবার পকেট থেকে কার্ড বার করতে হয় রেফারিকে। এসি মিলানের থিও হার্নান্ডেজ ও কালাব্রিয়াকে লাল কার্ড দেখান রেফারি। লাল কার্ড দেখেন ইন্টারের ডাচ ডিফেন্ডার ডামফ্রিসও। তাতে অবশ্য স্কোরবোর্ডের বিশেষ পরিবর্তন হয়নি। ম্যাচ শেষে উল্লাসে মাতেন ইন্টার মিলান ফুটবলার থেকে মাঠে উপস্থিত সমর্থকরা।

আরও পড়ুন: Mohun Bagan: বিপক্ষকে সমীহ করলেও, ৯০ মিনিটেই কলিঙ্গ জয় করতে চান হাবাস

এই জয়ের ফলে ৩৩ ম্যাচে ইন্টারের পয়েন্ট দাঁড়াল ৮৬। দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের পয়েন্ট সমানসংখ্যক ম্যাচে ৬৯। বাকি পাঁচ ম্যাচ জিতলেও ইন্টারকে ছুঁতে পারবে না তারা।  

About Post Author