স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ মে: টানা দ্বিতীয়বারের জন্য ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল জয়ের হাতছানি মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। এই ট্রফিটি জিতলে বহু বছর পর ভারতীয় ফুটবলের সব প্রথম শ্রেণীর ট্রফি ঢুকবে কলকাতায়। আগামী শনিবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে সবুজ মেরুনের ম্যাচটি তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই ম্যাচে মাঠে নামার আগে আরও বড় খবর মোহন সমর্থকদের জন্য। আগামী মরশুমের দলবদলে বড় চমক দিতে পারে গঙ্গাপারের ক্লাব। জানা গিয়েছে তাদের নজরে রয়েছেন অস্ট্রেলিয়ান লিগের গোলমেশিন জেমি ম্যাকলারেন । এই মরশুমে তিনি অস্ট্রেলিয়ান লিগের ক্লাব মেলবোর্ন সিটি এফসিতে খেলেছেন।

ম্যাকলারেনের মোহনবাগান যোগের জল্পনায় ঘি ঢেলেছে একটি ইনস্টাগ্রাম পোস্ট। সেখানে অস্ট্রেলিয়ার জাতীয় দলের ফুটবলার জানিয়েছেন পাঁচবছর মেলবোর্ন সিটিতে কাটানোর পর তিনি ক্লাব ছাড়তে চলেছেন। সেই পোস্টেই মন্তব্য করেছেন মোহনবাগানের অজি তারকা দিমিত্রি পেত্রাতোস। ম্যাকলারেনকে ‘GOAT’ বলে সম্বোধন করেন তিনি। অনেকেই মনে করছেন এজেন্ট দিমির হাত ধরেই মোহনবাগানে আসতে চলেছেন এ-লিগের গোল মেশিন। ২০১৯ সালে এই ক্লাবে যোগ দিয়েছিলেন তিনি। তারপর থেকে ১৪১ ম্যাচ খেলে করেছেন ১০৩ গোল। এই সময়কালের মধ্যে মোট তিনটি প্রিমিয়ারশিপ এবং একটি চ্যাম্পিয়নশিপ জিতেছে মেলবোর্ন সিটি এফসি। সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ম্যাকলারেন। একমাত্র ফুটবলার হিসেবে এ-লিগের কোনও একটি ক্লাবের হয়ে শতাধিক গোলের নজিরও রয়েছে তার দখলে। টানা চারবার গোল্ডেন বুট জিতেছেন। ২০১৬ সাল থেকে অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে খেলেছেন ৩২ ম্যাচ। গোল করেছেন ১১ টি।

আরও পড়ুন: চেন্নাইকে হারিয়ে পাঞ্জাব আইপিএল জমিয়ে দিল
এই মরশুমে তিন তারকা ফরওয়ার্ডকে রেখে দল গড়েছিল মোহনবাগান। দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে দলে নেওয়া হয়েছিল ইউরো কাপে খেলা আর্মান্দো সাদিকু ও অষ্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিংসকে। জুয়ান ফেরান্দোর পর আন্তোনিও লোপেজ হাবাস দলের দায়িত্ব নিয়েও দুজনকে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছেন। কয়েকটি ম্যাচে সাদিকু গোল করেছেন ঠিকই, কিন্তু দলকে নির্ভরতা জোগাতে পারেননি ইউরো কাপে খেলা ফুটবলারটি। শোনা যাচ্ছে আগামী মরশুমে তাকে আর দলে রাখা হবে না। তার জায়গায় অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিটির তারকা জেমি ম্যাকলারেনকে দলে নিতে আগ্রহী আইএসএল লিগ শিল্ড জয়ীরা। ক্লাব সূত্রের খবর ফুটবলারটির সঙ্গে ক্লাব কর্তাদের কথাবার্তাও এগিয়েছে অনেকদূর। ক্লাবের পক্ষ থেকে ফুটবলারটিকে ২.৮ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার ফুটবলারটিও নাকি ভারতীয় ফুটবলে যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। তবে মোহনবাগানের পাশাপাশি ম্যাকলারেনকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে সিটি গ্রুপের ক্লাব মুম্বই সিটি এফসি। মোহনবাগানের মত তারাও বিশাল অঙ্কের আর্থিক প্রস্তাব দিয়েছে ৩০ বছরের তারাকা স্ট্রাইকারকে। তবে কোন ক্লাবে যোগ দেবেন তা নিয়ে কোনও মন্তব্য করেনি অস্ট্রেলিয়ার তারকা ফুটবলার।


More Stories
মোহনবাগান আইএফএ শিল্ডের ফাইনালে
ভারতকে প্রশংসায় ভরালেন ব্রাজিল কোচ
অনায়াসে ৪০৬, আর কত বড় টার্গেট চাই টিম ইন্ডিয়ার?