সম্রাট চট্টোপাধ্যায়, সময় কলকাতা, ৪ মে: আইপিএলের অনুকরণে জুন মাসে শুরু হচ্ছে বেঙ্গল টি-টোয়েন্টি লিগ। শুক্রবার শহরের একটি হোটেলে ট্রফি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হল। জাতীয় দলের দুই প্রাক্তন বঙ্গ ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামী সোনালী রঙের ট্রফিটি উন্মোচিত করলেন। তাঁরা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোজ তিওয়ারি, লক্ষীরতন শুক্লার মত প্রাক্তন ক্রিকেটাররা। ছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়-সহ বেঙ্গল ক্রিকেট বোর্ডের অন্যন্য কর্তারাও।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, “একটি নতুন যুগের সূচনা হল। আমরা বিশেষ মুহূর্তের সাক্ষী হতে চলেছি। প্রতিদিন টি-টোয়েন্টি ক্রিকেট বিকশিত হচ্ছে। এবং বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের প্রবর্তন অবশ্যই আগামী দিনে বাংলা ক্রিকেটকে নতুন পথ দেখাবে। আশা করছি পুরুষ ও মহিলা ক্রিকেটাররা এই লিগের দ্বারা দারুনভাবে উপকৃত হবেন। আগামী দিনে রাজ্যের অনেক ক্রিকেটার আইপিএলে খেলার সুযোগ পাবেন।”
এই নতুন লিগ রাজ্যের মহিলা ক্রিকেটারদের উপকৃত করবে। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে জানালেন জাতীয় দলের প্রাক্তন পেসার ঝুলন গোস্বামী। তিনি বলেন, “বর্তমানে রাজ্যের অনেক মহিলা ক্রিকেটার জাতীয় দলে খেলছেন। আগামীদিনে এই সংখ্যাটা আরও বাড়বে। নতুন উদ্যোগের জন্য সিএবি-কে ধন্যবাদ।” ঝুলন বা সৌরভের মত একই কথা শোনা গিয়েছে বাংলার প্রাক্তন ক্রিকেটার ও বর্তমান সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের গলায়। তিনি বলেন, “রাজ্যের ক্রিকেটকে সঠিক পথে চালনা করবে এই লিগ। একদিকে যেরকম ক্রিকেটারেরা নিজেদের প্রমাণ করার একটা মঞ্চ পাবেন। অন্যদিকে রাজ্যে ক্রিকেটের একটি পরিবেশ তৈরি হবে।”

আরও পড়ুন: T20 World Cup: কাদের হাতে থাকবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলগুলির ভাগ্য, নাম প্রকাশ করল আইসিসি
সিএবি ও আরোভা স্পোর্টসের আয়োজনে হবে এই ফ্র্যাঞ্চাইজির লিগ। আগামী ১১ জুন থেকে ২৮ জুন পর্যন্ত হবে এই লিগ। এ বারের প্রতিযোগিতায় মোট আটটি ফ্র্যাঞ্চাইজি দল অংশগ্রহণ করবে। প্রত্যেকটি দলের একটি করে পুরুষ ও মহিলা দল থাকবে। পুরুষদের খেলা হবে ইডেন গার্ডেনে। মহিলাদের ম্যাচ গুলি হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার